logo

ইরানে অস্ত্র বিক্রি করলে উচ্চহারে শুল্কারোপের হুমকি ট্রাম্পের 

ইরানে অস্ত্র বিক্রি করলে উচ্চহারে শুল্কারোপের হুমকি ট্রাম্পের 

যেসব দেশ ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করবে, সেই দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া সমস্ত পণ্যের ওপর ছাড় ছাড়াই তাৎক্ষণিক ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর মার্কিন প্রেসিডেন্ট ডোনল্ড ট্রাম্প নতুন এ হুমকি দিয়েছেন। 

বুধবার (৮ এপ্রিল) ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেছেন। 

তিনি বলেন, ইরানকে সামরিক অস্ত্র সরবরাহকারী যেকোনো দেশের মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি করা যেকোনো পণ্যের ওপর অবিলম্বে ৫০ শতাংশ শুল্ক কার্যকর হবে। এখানে কোনো ছাড় থাকবে না! যদিও তিনি ওই পেস্টে কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি।

সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, মার্কিন ও ইসরায়েলি চাপ সামলাতে ইরানকে দীর্ঘদিন ধরে ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং দ্বৈত-ব্যবহারযোগ্য বিভিন্ন প্রযুক্তি দিয়ে সামরিকভাবে শক্তিশালী করে তুলছে চীন ও রাশিয়া। ওয়াশিংটন বরাবরই এই দুই শক্তির দিকে অভিযোগের আঙুল তুলে আসছে। যদিও বেইজিং এবং মস্কো সাম্প্রতিক সময়ে ইরানকে কোনো ধরনের অস্ত্র দেওয়ার কথা অস্বীকার করে আসছে, তবে রাশিয়ার বিরুদ্ধে এ সংক্রান্ত অভিযোগের গুঞ্জন আন্তর্জাতিক অঙ্গনে এখনও কাটেনি। 

ট্রাম্পের এমন কঠোর পদক্ষেপ কার্যকর হলে বিশ্ব বাণিজ্যে বিশেষ করে চীন ও রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক টানাপোড়েন আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দেবে বলে ধারণা করা হচ্ছে।