logo

ট্রাম্পকে পাত্তা দিচ্ছেন না পোপ, ইরানের স্পিকারের প্রশংসা

ট্রাম্পকে পাত্তা দিচ্ছেন না পোপ, ইরানের স্পিকারের প্রশংসা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ক্যাথলিক চার্চের প্রধান পোপ চতুর্দশ লিওর মধ্যে এক নজিরবিহীন ও প্রকাশ্য রাজনৈতিক-কূটনৈতিক দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। পোপের ওপর ক্ষোভ ঝেড়ে ‘পক্ষাপাতিত্বমূলক আচরণ’ ঠিক করার জন্য তাগিদ দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্প পোপ লিওকে ‘অপরাধের বিষয়ে দুর্বল’ এবং ‘পররাষ্ট্র নীতির জন্য ভয়ানক’ বলে উল্লেখ করেন। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাত্তা দিচ্ছেন না পোপ লিও চতুর্দশ। তিনি জানিয়েছেন, সব সময় যুদ্ধের বিরুদ্ধে কথা বলবেন তিনি।

এপি জানিয়েছে, হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয় মার্কিন বংশোদ্ভূত ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিওর প্রতি তার মন্তব্য নিয়ে।

জবাবে ট্রাম্প বলেন, ‌‌‘ইরানের বিষয়ে আমি যা করছি, তিনি (পোপ) তার ঘোর বিরোধী ছিলেন এবং ইরান পারমাণবিক দেশ হতে পারে না। পোপ লিও এই চূড়ান্ত ফলাফলে খুশি হতেন না। আমার মনে হয় তিনি অপরাধ ও অন্যান্য বিষয়ে খুবই দুর্বল। তাই আমি ক্ষমা চাচ্ছি না।’

‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্পের আক্রমণ

পোপের শান্তিবাদী অবস্থানের প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ পোপের বিরুদ্ধে একটি তীব্র আক্রমণাত্মক পোস্ট দেন।

ট্রাম্প পোপকে ‘অপরাধের বিষয়ে দুর্বল’ এবং ‘পররাষ্ট্র নীতির জন্য ভয়ানক’ বলে উল্লেখ করে দাবি করেন, পোপ একজন রাজনীতিকের মতো আচরণ করছেন এবং বামপন্থীদের স্বার্থসিদ্ধিতে কাজ করছেন।

পোস্টে ট্রাম্প আরও দাবি করেন, তিনি হোয়াইট হাউসে না থাকলে লিও কোনো দিন ভ্যাটিকানের পোপ হতে পারতেন না। তিনি জানান, পোপের ভাই লুই প্রিভোস্টকে বেশি পছন্দ করেন তিনি। কারণ লুই একজন কট্টর ট্রাম্প বা ‘মাগা’ সমর্থক। এ ছাড়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা ডেভিড অ্যাক্সেলরডের সঙ্গে পোপের সাম্প্রতিক একটি রুদ্ধদ্বার বৈঠক নিয়েও ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেন এবং অ্যাক্সেলরডকে ‘বামপন্থী লুজার’ বলে আখ্যা দেন।

পোপ লিওর জবাব

ট্রাম্পের এই ব্যক্তিগত আক্রমণের পর পোপ লিও চুপ থাকেননি। বিবিসি জানায়, আলজেরিয়া সফরে যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পোপ বলেন, তিনি ট্রাম্প প্রশাসনকে বা জোরেসোরে সত্য কথা বলতে ‘ভয় পান না’। পোপ জানান, তার ভূমিকা কোনো রাজনীতিকের নয়, বরং তিনি কেবল গসপেলের শান্তির বার্তা ছড়িয়ে দিতে চান।

ইউএসএ টুডে জানায়, ট্রাম্পের সঙ্গে সরাসরি বিতর্কে জড়াতে না চাইলেও ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালের’ নাম নিয়ে পোপ পরিহাস করে বলেন, ‘সাইটটির নামই অদ্ভুত—এর বেশি কিছু বলার নেই’।

স্পিকার মোহাম্মদ বাঘেরের প্রশংসা

এদিকে এই বিতর্কের পর ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ পোপ চতুর্দশ লিওর ‌‘নির্ভীক অবস্থান’-এর প্রশংসা করেছেন।

আল জাজিরা জানিয়েছে, ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ের প্রতিবেদনে প্রকাশিত এক মন্তব্যে গালিবফ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তথাকথিত ‘যুদ্ধাপরাধ’-এর নিন্দা জানানোর জন্য পোপের প্রশংসা করেছেন।

তিনি বলেন, পোপের ‘আমার কোনো ভয় নেই’ বার্তাটি অনুরণিত হয় এবং ‘যারা নীরব থাকতে ও নিরীহদের হত্যাকে উপেক্ষা করতে অস্বীকার করে, তাদের সবার জন্য পথ আলোকিত করে’।

গালিবফ আরও বলেন, ‌‘আপনার নেতৃত্ব লাখ লাখ মানুষের জন্য অনুপ্রেরণা–এই আলোর জন্য আপনাকে ধন্যবাদ!’ এই মন্তব্যগুলো এমন সময়ে এল যখন ট্রাম্প পোপের সমালোচনা করে তাকে ‘অপরাধ দমনে দুর্বল’ এবং ‘পররাষ্ট্র নীতির জন্য ভয়ংকর’ বলে অভিহিত করেছেন।