মসজিদে নববীর স্থাপত্য বিবর্তন ও ইতিহাস নিয়ে বিশ্বকোষ রচনা

আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে মদিনায় হজরত মুহাম্মদ (স.) যে মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন ইতিহাসে সেটিই মসজিদে নববী হিসেবে পরিচিত। এ মসজিদের স্থাপত্য বিবর্তনের ইতিহাসকে অত্যন্ত গভীর গবেষণার মাধ্যমে নথিভুক্ত করতে একটি বিশ্বকোষ রচনা করেছে সৌদি কর্তৃপক্ষ।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, আল মদিনা আল মুনাওয়ারাহ রিসার্চ অ্যান্ড স্টাডিজ সেন্টার এ বিশ্বকোষটি প্রকাশ করেছে।
শতাব্দীকাল ধরে ইসলামের অতি গুরুত্বপূর্ণ এ মসজিদের ধারাবাহিক উন্নয়ন ও রূপান্তরের তথ্যসমৃদ্ধ বিশ্বকোষটি একটি নির্ভরযোগ্য তথ্যসূত্র হিসেবে কাজে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আধুনিক গবেষণা টুলস ব্যবহারের মাধ্যমে কঠোর একাডেমিক কাঠামোর ভেতর দিয়ে নবুওয়াত যুগ থেকে শুরু করে আধুনিককালে মসজিদে নববীর ইতিহাসকে নথিভুক্ত করা হয়েছে এতে।
সৌদি সরকারের ইসলামের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের অংশ হিসেবে এ বিশ্বকোষ রচনা একটি মাইলফলক হয়ে থাকবে মনে করছেন সংশ্লিষ্টরা। এটিতে ঐতিহাসিক নথিপত্রের বাইরেও মসজিদের মৌলিক কাঠামো বিশেষ করে তোরণ, গম্বুজ এবং মিনারসহ মূল কাঠামোর উপাদানগত কার্যকারিতা এবং নান্দনিক বিবর্তনের বিশ্লেষণ এমনভাবে তুলে ধরা হয়েছে যার ফলে মসজিদটির ধর্মীয় এবং সভ্যতাগত ভূমিকাও উঠে এসেছে এ বিশ্বকোষে।