logo

যুক্তরাষ্ট্রের ‘বোমার জননীর’ জবাবে ‘মিসাইলের বাবা’ প্রস্তুত রেখেছে ইরান: রেজা নাকদি

মেহের নিউজ
মেহের নিউজ
যুক্তরাষ্ট্রের ‘বোমার জননীর’ জবাবে ‘মিসাইলের বাবা’ প্রস্তুত রেখেছে ইরান: রেজা নাকদি
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি। ছবি: মেহের নিউজ

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘মাদার অব অল বোম্বস’ বা ‘সকল বোমার জননী’ ব্যবহারের হুমকি দেওয়ায় ওয়াশিংটনের বিরুদ্ধে ‘ফাদার অব অল মিসাইলস’ ব্যবহারের পাল্টা হুমকি দিয়েছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি এই হুমকি দিয়েছেন বলে খবর প্রকাশ করেছে ইরানি সংবাদমাধ্যম মেহের নিউজ।

তিনি বলেন, ‘মাদার অব অল বোম্বসকে’ ভয় পায় না ইরান। মার্কিন বাহিনী এই অস্ত্র ব্যবহার করলে তেহরানও ভয়ংকর ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা জবাব দেবে। রেজা নাকদি বলেন, সামরিক শক্তিধর শত্রুরা এখন ইরানের জনগণকে সম্মান করতে বাধ্য হচ্ছে। তেহরানের দৃঢ় অবস্থান ও প্রতিরোধের কারণে প্রতিপক্ষের হিসাব-নিকাশে পরিবর্তন এসেছে। শত্রুরা ইরানের বিরুদ্ধে ‘বোমার জননী’ ব্যবহারের হুমকি দিচ্ছে। কিন্তু তাদের মনে রাখা উচিত, ইরানও ‘মিসাইলের বাবা’ প্রস্তুত করে রেখেছে।

মেহের নিউজ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্রকে রূপক অর্থে ‘মিসাইলের বাবা’ বলে উল্লেখ করা হয়েছে। প্রতিপক্ষের হুমকির বিপরীতে ইরানের সামরিক সক্ষমতা তুলে ধরতে জেনারেল নাকদি রূপক অর্থে ‘মিসাইলের বাবা’ শব্দবন্ধটি ব্যবহার করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরানের জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। তবে এই বোমা দিয়ে ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংস করা সম্ভব কি না, তা নিয়ে মার্কিন কর্মকর্তাদের মধ্যে সংশয় রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের হামলার পাশাপাশি নাতাঞ্জের কাছে ‘পিক্যাক্স মাউন্টেন’ নামে পরিচিত ভূগর্ভস্থ স্থাপনাটিও হামলার লক্ষ্যবস্তু হতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সন্দেহ, সেখানে ইরানের পারমাণবিক কর্মসূচির উপাদান মজুত রয়েছে।

এ অবস্থায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুমকি দিয়েছেন ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি। তিনি বলেন, নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রসহ পুরো মধ্যপ্রাচ্যকে এর পরিণতি ভোগ করতে হবে। এ ক্ষেত্রে ইরান কাউকে ছাড় দেবে না।