প্রেসিডেন্ট সি’র ঘনিষ্ঠ মিত্রের বিরুদ্ধে তদন্তে চীন

শৃঙ্খলা পরিপন্থি ও আইনের গুরুতর লঙ্ঘনের অভিযোগে জ্যেষ্ঠ দুই সামরিক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরুর সিদ্ধান্ত নিয়েছে চীনের কমিউনিস্ট পার্টি।
শনিবার (২৪ জানুয়ারি) চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
তারা হলেন- কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় সামরিক কমিশনের (সিএমসি) ভাইস-চেয়ারম্যান ঝাং ইউশিয়া এবং সিএমসি জয়েন্ট স্টাফ ডিপার্টমেন্টের চিফ অব স্টাফ লিউ ঝেনলি।
৭৫ বছর বয়সী ঝাংকে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সবচেয়ে ঘনিষ্ঠ সামরিক মিত্র হিসেবে দেখা হয়। এ ছাড়াও যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তার মধ্যে তিনি একজন। ঝাং চীনের সর্বোচ্চ সশস্ত্র বাহিনী কমান্ড সংস্থা সিএমসির দুজন ভাইস-চেয়ারম্যানের একজন।
২০১২ সালে সি—কর্তৃক নির্দেশিত ব্যাপক দুর্নীতি দমন অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য ছিল সেনাবাহিনী। ২০২৩ সালে যখন রকেট ফোর্সকে লক্ষ্যবস্তু করা হয়, তখন সেই অভিযান সামরিক বাহিনীর উচ্চ স্তরে পৌঁছে।
২০২৫ সালের অক্টোবরে দুর্নীতির অভিযোগে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে আটজন শীর্ষ জেনারেলকে বহিষ্কার করা হয়েছিল। এর মধ্যে ছিলেন দেশটির দ্বিতীয় নম্বর জেনারেল হি ওয়েইডং। তিনি সি’র অধীনে ও ঝাংয়ের সঙ্গে কেন্দ্রীয় সামরিক কমিশনে দায়িত্ব পালন করেছিলেন।
সাম্প্রতিক বছরগুলোতে দুর্নীতির অভিযোগে সাবেক দুই প্রতিরক্ষা মন্ত্রীকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই কঠোর ব্যবস্থার ফলে উন্নত অস্ত্র সংগ্রহের গতি কমে যাচ্ছে এবং চীনের কিছু বৃহত্তম সামরিক সংস্থার রাজস্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সূত্র: রয়টার্স