logo

৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

মধ্য আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কম্পনের প্রভাব ছড়িয়ে পড়ে একাধিক প্রতিবেশী দেশেও।

শুক্রবার রাতে (স্থানীয় সময়) আঘাত হানা এই ভূমিকম্পে অন্তত ৮ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও অন্তত একজন। নিখোঁজ একজনকে উদ্ধারে তৎপরতা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর ডয়চে ভেলে

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৮ এবং এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৮১ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। 

আফগানিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে জানা গেছে, কাবুল প্রদেশের বাগরামি জেলায় হতাহতের ঘটনা ঘটে। ভূমিকম্পের পর থেকেই উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এই কম্পনের প্রভাব শুধু আফগানিস্তানেই সীমাবদ্ধ ছিল না। প্রতিবেশী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ বিভিন্ন এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। দেশটির আবহাওয়া দপ্তরের হিসাবে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.২ এবং গভীরতা প্রায় ১৯০ কিলোমিটার।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও গিলগিট-বালতিস্তান অঞ্চলেও কম্পন জোরালোভাবে অনুভূত হয়।

এ ছাড়া ভারতের রাজধানী দিল্লি, জম্মু ও কাশ্মির, পাঞ্জাব এবং উত্তরাখণ্ডের বিভিন্ন শহরেও মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। তবে সেখানে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের মতে, ভৌগোলিকভাবে সক্রিয় হিন্দুকুশ ফল্ট লাইনের কারণে এ অঞ্চলে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প হয়ে থাকে, যার প্রভাব দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়।