মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান বন্ধের আহ্বান চীনের

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ এবং দ্রুত সংলাপ ও আলোচনার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানিয়েছে চীন। সম্প্রতি বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়াখুন এ আহ্বান জানান। তিনি বলেন, ‘চীন মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।’
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ‘প্রতিটি দেশের নিরাপত্তা এবং ভূখণ্ডের অখণ্ডতাকে সম্মান করা উচিত। কোনো দেশের ওপর আক্রমণ বা আগ্রাসন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যুদ্ধ বা সংঘাতে সাধারণ মানুষ এবং বেসামরিক স্থাপনায় হামলা চালানোকে অত্যন্ত নিন্দনীয় বলে মনে করে চীন।’
কুও চিয়াখুন বলেন, ‘সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে হবে, সংলাপ ও আলোচনার পথে ফিরে আসতে হবে। পরিস্থিতি আরও খারাপ হওয়া এবং সংঘাত ছড়িয়ে পড়া রোধ করার ওপরও নজর দিতে হবে।’