logo

আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন

আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় পতন
যুক্তরাষ্ট্রের টেক্সাসের মিডল্যান্ডের দক্ষিণে একটি ড্রিলিং রিগের দৃশ্য। ছবি: রয়টার্স

ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান কিংবা উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাব্য পরাজয় কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে সংশয়ে রয়েছেন ব্যবসায়ীরা। এ অনিশ্চয়তার মধ্যেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে উল্লেখযোগ্য পতন ঘটেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি নিউজ।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ০.৯ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৩ দশমিক ৭৪ ডলারে নেমে আসে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে প্রায় ১.৫ শতাংশ। এতে প্রতি ব্যারেলের মূল্য দাঁড়িয়েছে ৮৬ দশমিক ৮৩ ডলারে।

এর আগে বুধবার একদিনেই তেলের দাম ৮ শতাংশের বেশি কমে যায়। ওই সময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মন্তব্য করেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে সৃষ্ট চাপই নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ হয়েছে।

বাজারসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক দরপতনের ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। তবে ইরানকে ঘিরে চলমান ভূরাজনৈতিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবর্তনের সম্ভাবনা বাজারের ভবিষ্যৎ গতিপথ নিয়ে অনিশ্চয়তা তৈরি করছে।