ঈদুল আজহার চাঁদ দেখার সম্ভাব্য সময় জানাল সৌদি-আমিরাত

সৌদি আরবের সর্বোচ্চ আদালত ও সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিল জানিয়েছে, রোববার (১৭ মে) ১৪৪৭ হিজরির ২৯ জিলকদ অর্থাৎ জিলহজ মাসের চাঁদ অনুসন্ধান করা হবে।
শুক্রবার (১৫ মে) গালফ নিউজ জানায়, সৌদি আদালত এক বিবৃতিতে অর্ধচন্দ্র দেখতে সক্ষম যে কাউকে দেশজুড়ে গঠিত সরকারি চাঁদ দেখা কমিটিগুলোতে অংশ নিতে আহ্বান জানিয়েছে।
আমিরাতের কাউন্সিল জানিয়েছে, উন্নত প্রযুক্তি ও আধুনিক পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করে দেশের জাতীয় পর্যবেক্ষণ কেন্দ্র ও বিশেষায়িত জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রগুলোর সমন্বয়ে চাঁদ দেখার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এদিকে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, ইসলামি দেশগুলোতে রোববার (১৭ মে) জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে। দৃশ্যমানতার পূর্বাভাস অনুযায়ী, পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চল থেকে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে। মধ্য ও পশ্চিম এশিয়ার কিছু অংশ, উত্তর আফ্রিকা ও আমেরিকার বেশির ভাগ অংশে খালি চোখে চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শওকত ওদেহ বলেছেন, বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী, সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন ও বুধবার (২৭ মে) অধিকাংশ ইসলামী দেশে ঈদুল আজহার প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও বলেন, রোববার বিভিন্ন শহরে অর্ধচন্দ্র দেখার সুযোগ ভিন্ন হতে পারে। পূর্বাভাস অনুযায়ী, আবুধাবিতে সূর্যাস্তের ৫৮ মিনিট পর চাঁদ অস্ত যাবে এবং চাঁদের বয়স হবে ১৮ ঘণ্টা ৪৫ মিনিট। অন্যদিকে, মক্কায় সূর্যাস্তের পর আরও ৫৮ মিনিট চাঁদ দেখা যাবে এবং চাঁদের বয়স হবে ১৯ ঘণ্টা ২২ মিনিট।
সংস্থাটির মতে, অনুকূল আবহাওয়ায় আম্মান, জেরুজালেম, কায়রো এবং রাবাতেও খালি চোখে চাঁদ সহজেই দেখা যাবে বলে আশা করা হচ্ছে।
ওদেহ আরও বলেন, ঈদুল আজহার তারিখ সরাসরি জিলহজ মাসের নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে। যদি রোববার সন্ধ্যায় নতুন চাঁদ দেখা যায়, তবে সোমবার থেকে ইসলামি মাস শুরু হবে এবং ঈদুল আজহা ২৭ মে (বুধবার) অনুষ্ঠিত হবে। আর যদি নতুন চাঁদ দেখা না যায়, তাহলে মাস শুরু ও ঈদের ছুটি সেই অনুযায়ী একদিন পিছিয়ে যাবে।
