logo

সেই আরাভ খানের সাজা ও দেশত্যাগের আদেশ বহাল দুবাইয়ে

সেই আরাভ খানের সাজা ও দেশত্যাগের আদেশ বহাল দুবাইয়ে
রবিউল ইসলাম ওরফে আরাভ খান। ছবি: টিবিএস

বাংলাদেশ পুলিশের হত্যা মামলায় পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খানের সাজা ও দেশত্যাগের আদেশ বহাল রেখেছেন দুবাইয়ের একটি আপিল আদালত। প্রতারণার মামলায় এই আদেশ দেওয়া হয়েছে।

দেশটির আদালত চার ব্যক্তির বিরুদ্ধে আনা প্রতারণার রায়ের বিপরীতে করা আপিল খারিজ করে দেয়। একটি জালিয়াতিপূর্ণ স্বর্ণ লেনদেনে জড়িত ছিলেন তারা। লেনদেনের অঙ্ক ১০ লাখ ৯৭ হাজার সংযুক্ত আরব আমিরাত দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ কোটি ৬৬ লাখ টাকা।

Advertisement

শুক্রবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে দুবাইয়ের আদালতের ৩৪ পৃষ্ঠার একটি আরবি নথি পাওয়ার দাবি করেছে সংবাদমাধ্যম ডেইলি ওয়াদা। প্রাপ্ত নথিতে রয়েছে শুনানির কার্যবিবরণী ও ১১ পৃষ্ঠার একটি আসামিপক্ষের স্মারকলিপি, একটি নোটারিকৃত আর্থিক নিষ্পত্তিপত্র এবং আসামিদের পরিচয়পত্রের অনুলিপি।

প্রতিবেদনে বলা হয়, চতুর্থ বিবাদীর নাম উল্লেখ করা হয়েছে আরাভ খান জাকির খান। তিনি ভারতীয় নাগরিক। তার পাসপোর্টের তথ্যের সঙ্গে বাংলাদেশে আগে প্রকাশিত তথ্যের মিল রয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, এই ব্যক্তিই রবিউল ইসলাম। ২০১৮ সালে স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক মামুন ইমরান খান হত্যাকাণ্ডের পর তিনি দেশ ছেড়ে পালিয়ে যান।

তবে দুবাইয়ের আদালতের রায়ে রবিউলের বাংলাদেশি পরিচয়, হত্যাকাণ্ডের দায়ে তার সাজা কিংবা তার বিরুদ্ধে ইন্টারপোলের জারি করা ‘রেড নোটিশ’-এর বিষয়ে কোনো উল্লেখ নেই।

নথিপত্র থেকে আরও জানা যায়, ২০২৫ সালের জুলাইয়ে আরাভ খান সংযুক্ত আরব আমিরাতের নতুন রেসিডেন্স আইডি কার্ড সংগ্রহ করেন। রেড নোটিশ জারির দুই বছরেরও বেশি সময় পর এবং ঢাকায় হত্যাকাণ্ডের মামলায় তার সাজা হওয়ার তিন মাস পর তিনি এই কার্ড সংগ্রহ করেন।

এর আগে, ২০২৩ সালের মার্চে বাংলাদেশে আলোচনায় আসেন আরাভ খান। ওই মাসে দুইবাইয়ে তার গয়নার ব্যবসাপ্রতিষ্ঠান ‘আরাভ জুয়েলার্স’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানসহ বেশ কয়েকজন তারকা উপস্থিত ছিলেন।

পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, পুলিশের পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় খুঁজছিলেন যে ব্যবসায়ীকে, তার প্রকৃত নাম রবিউল ইসলাম। তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাসিন্দা।

স্পেশাল ব্রাঞ্চের কর্মকর্তা মামুন ২০১৮ সালের জুলাইয়ে ঢাকার বনানী এলাকার একটি ফ্ল্যাটে খুন হন। পরদিন গাজীপুরের একটি জঙ্গল থেকে তার দগ্ধ লাশ উদ্ধার করা হয়।

বাংলাদেশ পুলিশের ভাষ্য অনুযায়ী, রবিউল ভারতে পালিয়ে গিয়ে আরাভ খান পরিচয় ধারণ করেন। সেখানে তিনি একটি ভারতীয় পাসপোর্ট সংগ্রহ করেন। পরে চলে যান দুবাইয়ে। তার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে।

২০২৩ সালের মে মাসে ঢাকার একটি ট্রাইব্যুনাল অস্ত্র মামলায় রবিউলকে ১০ বছরের কারাদণ্ড দেন। পরে ২০২৫ সালের ১৭ এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ আদালত মামুন হত্যা মামলায় রবিউলসহ আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রবিউলের অনুপস্থিতিতেই তার বিচার ও সাজা হয়েছিল।

রবিউল এর আগে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। ২০২৩ সালের মার্চে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি দাবি করেন, তার অনুপস্থিতিতে বনানীর অফিসে এই হত্যাকাণ্ড ঘটে। ন্যায়বিচারের আশ্বাস পেলে তিনি বাংলাদেশে ফিরবেন বলেও জানান।

তখন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, রবিউলের পাসপোর্ট বাতিলের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। কর্মকর্তারা স্বীকার করেছিলেন, তার ভারতীয় নাগরিকত্বের কাগজপত্র তাকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টাকে জটিল করে তুলেছে।

ওই বছর ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে আরাভ দাবি করেন, ইন্টারপোলের রেড নোটিশের সূত্র ধরে দুবাইয়ে তাকে আটক করা হয়েছিল। তিনি আরও দাবি করেন, এক মাস সাত দিন তিনি হেফাজতে ছিলেন।