logo

তাইওয়ানের কাছের দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে জাপান

তাইওয়ানের কাছের দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে জাপান

তাইওয়ানের কাছে অবস্থিত ইয়োনাগুনি দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে জাপান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিবিসি এ সংবাদ প্রকাশ করেছে।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি জানিয়েছেন, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে জাপান ২০৩১ সালের মার্চ মাসের মধ্যে তাইওয়ানের কাছে তার প্রত্যন্ত পশ্চিম দ্বীপে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করার পরিকল্পনা করছে।

২০২২ সালে ঘোষণার পর থেকে জাপান ইয়োনাগুনি দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য এবারই প্রথম নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেছে।

চীন স্ব-শাসিত তাইওয়ানকে তার নিজস্ব অঞ্চল বলে দাবি করে এবং নিজ ভূখণ্ডের সঙ্গে একীভূত করার কথা বলে। তাইওয়ানের উপকূল থেকে মাত্র ১১০ কিলোমিটার (৬৮ মাইল) দূরে জাপানের ইয়োনাগুনি দ্বীপ অবস্থিত।

এদিকে তাইওয়ান ইস্যুতে নভেম্বরের পর থেকে টোকিও এবং বেইজিংয়ের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। কারণ জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি জানিয়েছেন, চীন তাইওয়ানের ওপর আক্রমণ করলে জাপান তার সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করবে। 

তাইওয়ান যুক্তরাষ্ট্রের মিত্র। এ কারণে চীন এ অঞ্চলে আক্রমণ করলে ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে সরাসরি সামরিক সংঘাত শুরু হবে। তখন জাপানের মতো মার্কিন মিত্রও এ সংঘাতে যুক্ত হতে পারে।

এমন একটি প্রেক্ষাপটে মঙ্গলবার জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি ক্ষেপণাস্ত্র মোতায়েনের সময়সূচি ঘোষণা করেছেন। তিনি বলেছেন, ইয়োনাগুনি দ্বীপ মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত থাকবে, যা শত্রুদেশ থেকে আসা বিমান এবং ক্ষেপণাস্ত্রকে বাধা দিতে সক্ষম।