logo

সিকিম ভ্রমণে বাড়ছে খরচ, যানবাহনের নতুন প্রবেশমূল্য নির্ধারণ

সিকিম ভ্রমণে বাড়ছে খরচ, যানবাহনের নতুন প্রবেশমূল্য নির্ধারণ
সিকিম ভ্রমণ করছেন কয়েকজন পর্যটক। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

কম খরচে হিমালয়ের কোলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বাংলাদেশি ভ্রমণকারীদের অন্যতম পছন্দের গন্তব্য ভারতের সিকিম। তবে নতুন বছর থেকে সিকিম ভ্রমণের বাজেটে যুক্ত হতে যাচ্ছে বাড়তি খরচ। রাজ্যের সংবেদনশীল ও সংরক্ষিত বনাঞ্চলে পর্যটকদের উপচে পড়া ভিড় এবং যানবাহনের চাপ নিয়ন্ত্রণে নতুন প্রবেশমূল্য (এন্ট্রি ফি) চালুর সিদ্ধান্ত নিয়েছে সিকিম রাজ্য সরকার।

সিকিমের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নির্দিষ্ট কিছু পর্যটনকেন্দ্র ও সংরক্ষিত এলাকায় প্রবেশের জন্য পর্যটকবাহী যানবাহনকে নির্ধারিত হারে ফি দিতে হবে। প্রশাসনের দাবি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সংরক্ষিত অঞ্চলে যান চলাচল নিয়ন্ত্রণ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তে বাংলাদেশসহ দেশ-বিদেশের পর্যটকদের ভ্রমণ ব্যয় অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Advertisement

যেসব এলাকায় নতুন নিয়ম কার্যকর হবে প্রজ্ঞাপন অনুযায়ী, সিকিমের গ্যাংটক, পাকিয়ং এবং মঙ্গন জেলার নির্দিষ্ট সংরক্ষিত বনাঞ্চলে এই বাড়তি প্রবেশমূল্য কার্যকর হবে। গ্যাংটক ও পাকিয়ং টেরিটোরিয়াল ডিভিশনের অধীনে জনপ্রিয় পর্যটন স্পট নাথু লা, ছাঙ্গু বা সোমগো লেক, বাবা মন্দির, জুলুক এবং লিংতাম এলাকায় এই নিয়ম প্রযোজ্য হবে।

অন্যদিকে, উত্তর সিকিমের মঙ্গন টেরিটোরিয়াল ডিভিশনের ক্ষেত্রে সাঙ্কালান-টুং এবং ফেদাং চেকপোস্টের পরবর্তী এলাকাগুলো এই ব্যবস্থার আওতায় আসছে। সিকিম পাবলিক সিকিউরিটি রুলস ১৯৬২ এবং সিকিম ফরেস্ট রুলস ২০০৭-এর অধীনে এই নির্দেশিকা জারি করা হয়েছে। স্বরাষ্ট্র দপ্তর নোডাল বিভাগ হিসেবে পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন দপ্তরের সঙ্গে সমন্বয় করে পারমিট ও ফি সংক্রান্ত বিষয়গুলো পরিচালনা করবে।

কোন গাড়ির কত প্রবেশমূল্য গাড়ির আসনসংখ্যা, ইঞ্জিনের ক্ষমতা এবং এলাকা ভেদে এই প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে।

যারা ছাড় পাবেন ও অন্যান্য শর্তাবলি বৈধ সার্টিফিকেট অব আইডেন্টিফিকেশন (সিওআই), রেসিডেন্সিয়াল সার্টিফিকেট (আরসি), সিকিম সাবজেক্ট অথবা ভোটার পরিচয়পত্র থাকা স্থানীয় বাসিন্দাদের এই প্রবেশমূল্য থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া কর্তব্যরত সরকারি কর্মী, সেনাবাহিনীর সদস্য এবং তাদের অতিথিদের ক্ষেত্রেও নির্দিষ্ট ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।

উত্তর সিকিমের জোঙ্গু এলাকায় সাঙ্কালান ও ফেদাং রুট দিয়ে হোমস্টেতে থাকা বা দর্শনীয় স্থান ঘুরতে যাওয়া পর্যটকদের অনলাইন পারমিট নিতে হবে, তবে তাদের কোনো পারমিট ফি বা সার্ভিস চার্জ দিতে হবে না। সাধারণ গেস্ট হাউস, অনুমোদিত সরকারি গেস্ট হাউস এবং সরকারি সফরের ক্ষেত্রেও নির্দিষ্ট শর্তে ফি মওকুফ থাকবে।

এ ছাড়া ১৫০ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন ব্যক্তিগত মোটরসাইকেলের ক্ষেত্রে নিবন্ধিত মালিকের নামে পারমিট নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। থার্ড মাইল লিংতাম, ডগর গেট, টুং সাঙ্কালান ও ফেদাং চেকপোস্ট দিয়ে নির্ধারিত পারমিট ও ফি সাপেক্ষে প্রবেশ করতে হবে। তবে সিকিম ও পশ্চিমবঙ্গের মধ্যে পরিবহন চুক্তির আওতায় চলা বাণিজ্যিক যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। পাশাপাশি গ্রাম পঞ্চায়েত বা অন্য কোনো সংস্থা অতিরিক্ত কোনো প্রবেশমূল্য আদায় করতে পারবে না বলেও প্রজ্ঞাপনে স্পষ্ট জানানো হয়েছে।

পর্যটন মহলে মিশ্র প্রতিক্রিয়া সরকারের এই সিদ্ধান্তকে পরিবেশ রক্ষার পদক্ষেপ হিসেবে দেখা হলেও পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের মধ্যে ইতিমধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক তন্ময় গোস্বামীর মতে, সংরক্ষিত বনাঞ্চলে অতিরিক্ত ভিড় কমাতে এই উদ্যোগ কার্যকর হতে পারে।

অন্যদিকে, কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) পর্যটন প্যানেলের চেয়ারম্যান সম্রাট সান্যালের আশঙ্কা, এই বাড়তি ফি শেষ পর্যন্ত পর্যটকদের পকেট থেকেই আদায় করা হবে। তার মতে, সংশ্লিষ্ট এলাকাগুলোতে মূলত সিকিমের স্থানীয় গাড়ি চলাচল করে। ফলে গাড়ি ভাড়ার সঙ্গে এই নতুন খরচ পর্যটকদের ওপরই চাপবে, যার নেতিবাচক প্রভাব পুরো সিকিম-দার্জিলিং পর্যটন সার্কিটে পড়তে পারে।

ইস্টার্ন হিমালয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশিস মৈত্রও সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। পর্যটন ব্যবসায়ীদের আশঙ্কা, খরচ বেড়ে গেলে মধ্যবিত্ত পর্যটকেরা সিকিমের বদলে দার্জিলিং, কালিম্পং বা ডুয়ার্সের মতো বিকল্প গন্তব্য বেছে নিতে পারেন। এতে সিকিমের হোটেল, পরিবহন ও স্থানীয় ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আবেদন জানিয়ে সিকিম সরকারকে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন পর্যটন খাতের প্রতিনিধিরা।