logo

স্ত্রীকে স্বাস্থ্য বিমা বোর্ডে নিয়োগ দেওয়ায় শ্রমমন্ত্রীকে বরখাস্ত করলেন নেপালের প্রধানমন্ত্রী

স্ত্রীকে স্বাস্থ্য বিমা বোর্ডে নিয়োগ দেওয়ায় শ্রমমন্ত্রীকে বরখাস্ত করলেন নেপালের প্রধানমন্ত্রী

শৃঙ্খলা ভঙ্গ ও দুর্নীতির অভিযোগে নেপালের শ্রম, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তামন্ত্রী দীপক কুমার শাহকে পদ থেকে বরখাস্ত করেছেন সদ্য দায়িত্ব নেওয়া দেশটির নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে স্বাস্থ্য বিমা বোর্ডের সদস্য পদে নিজের স্ত্রীকে নিয়োগ দেয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দলীয় সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সংবাদমাধ্যম এএনআই।

দীপক কুমার শাহ দেশটির রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সদস্য। দলের কেন্দ্রীয় শৃঙ্খলা কমিশনের তদন্তে উঠে এসেছে, নিজের পদের অপব্যবহার করে তিনি স্বাস্থ্য বিমা বোর্ডের সদস্য পদে নিজের স্ত্রীকে বহাল রেখেছেন।

গত বুধবার শৃঙ্খলা কমিশন তাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরই দলীয় প্রধান রবি লামিছানে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে মন্ত্রীকে সরিয়ে দেওয়ার অনুরোধ করেন।

রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি জানিয়েছে, দলের গঠনতন্ত্র অনুযায়ী কোনো সদস্য যদি পদের অপব্যবহার করে বা নৈতিকতা পরিপন্থি কাজ করে, তবে তাকে সরিয়ে দেওয়ার ক্ষমতা দলের রয়েছে। সেই নিয়ম মেনেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

একই সঙ্গে দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী নিশা মেহতাকেও সতর্ক করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি এই বিমা বোর্ডের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেননি।

দীপক কুমার শাহ গত ২৮ মার্চ মন্ত্রী হিসেবে শপথ নেন। এর আগে ৫ মার্চের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।