ট্রাম্পের স্বাস্থ্যের কী হলো, কেন যাচ্ছেন হাসপাতালে

আগামী মাসে ৮০ বছরে পা দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বয়সেও নিজের স্বাস্থ্য নিয়ে বড়াই করে চলেছেন তিনি। চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন–তার স্বাস্থ্য এখনও চমৎকার। তবে সবশেষ জানা যাচ্ছে মঙ্গলবার (২৬ মে) হাসপাতালে যাচ্ছেন তিনি।
ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টারে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে যাবেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাবেন। তার দাঁতের পরীক্ষা করানোরও কথা রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জনসম্মুখে চতুর্থবার ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষার খবর সামনে এসেছে। এর মধ্যে শুধু ওয়াল্টার রিডে তৃতীয়বারের মতো তার স্বাস্থ্য পরীক্ষা হবে।
ডোনাল্ড ট্রাম্প ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি রোগে ভুগছেন। ২০২৫ সালের জুলাই মাসে হোয়াইট হাউস বিষয়টি জানায়। এ রোগের কারণে মানুষের পায়ে রক্ত জমাট বাঁধা এবং ফোলাভাব দেখা দেয়। বিভিন্ন ছবিতে ডোনাল্ড ট্রাম্পের পায়ে কালশিটে দাগ দেখা গেছে।
যদিও ট্রাম্পের স্বাস্থ্যের বিষয়ে হোয়াইট হাউসের চিকিৎসক ড. শন বারবারাবেলা বলেন, ডোনাল্ড ট্রাম্প চমৎকার স্বাস্থ্যে আছেন এবং দায়িত্ব পালনের জন্য সম্পূর্ণ উপযুক্ত। প্রেসিডেন্টের হৃদপিণ্ড, ফুসফুস, স্নায়ু এবং শারীরিক কর্মক্ষমতা এখনও শক্তিশালী।
ট্রাম্প সম্প্রতি সাংবাদিকদের বলেন, পঞ্চাশ বছর আগে আমার যেমন অনুভূতি ছিল, এখনও ঠিক তেমনই আছে। এটা অবিশ্বাস্য। আমি এমন অনেককে চিনি যারা শুধু নিজেদের ওজন নিয়ন্ত্রণে রাখে...তারপর মারা যায়। আর দেখুন, আমি এখানে আছি, দারুণ অনুভব করছি।
এই মাসের শুরুতে তিনি ওভাল অফিসে বলেন, আমার স্বাস্থ্য নিখুঁত। এর আগে জানুয়ারিতে ট্রাম্প দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, আমি কখন স্থির হয়ে যাব তা আমি জানতে পারব, কিন্তু সেটা এখন নয়।
