দাবদাহে পুড়ছে ইউরোপ, শুধু স্পেনেই মৃত্যু ছাড়াল হাজার

বৈশ্বিক উষ্ণায়নে শীতপ্রধান ইউরোপ পুড়ছে তীব্র দাবদাহে। ঘরের বাইরে বের হলেই গায়ে ফোসকা পড়ছে। গরমে হাঁসফাঁস করছে জনজীবন। অঞ্চলটির ইতিহাসে চলতি বছরের প্রথম ছয় মাস উষ্ণতম সময় হিসেবে রেকর্ড করা হয়েছে। তীব্র দাবদাহের কারণে গত এক মাসে স্পেনে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (০১ জুলাই) দেশটির সরকারি কার্লোস থ্রি হেলথ ইনস্টিটিউট জানিয়েছে, তাপপ্রবাহ চলাকালীন সমস্যায় অন্তত ১ হাজার ২৮ জনের মৃত্যু হয়েছে।
স্পেনে গত জুনে তাপপ্রবাহে ৮৬৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা (এমেট)। এই সংখ্যা ২০২৫ সালের জুনে তাপপ্রবাহে মারা যাওয়া ৪০৭ জনের তুলনায় দ্বিগুণেরও বেশি। একই সঙ্গে গত জুন ছিল রেকর্ড শুরুর পর স্পেনের সবচেয়ে উষ্ণ জুন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এমেট জানায়, ২০২৬ সালের প্রথম ছয় মাস ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে উষ্ণ প্রথমার্ধ। এ সময় গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
সংস্থাটি আরও জানায়, গত ১০ বছরের মধ্যে সাতটি সবচেয়ে উষ্ণ প্রথমার্ধের রেকর্ড হয়েছে। এ ছাড়া ২০২৬ সালের জুন ছিল স্পেনের ইতিহাসে দ্বিতীয় উষ্ণতম জুন, যেখানে গড় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
এদিকে, ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের (ডব্লিউডব্লিউএ) বিজ্ঞানীরা বলেছেন, জুনের শেষ দিকে ইউরোপজুড়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ ছিল মহাদেশটির ইতিহাসের অন্যতম তীব্র। তাদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাব না থাকলে জুন মাসে এমন তাপপ্রবাহ কার্যত অসম্ভব ছিল।
এই তাপপ্রবাহে জার্মানি, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া ও হাঙ্গেরিতে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড হয়েছে। একই সঙ্গে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ডে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙেছে। ফ্রান্সেও জুনের গড় তাপমাত্রা রেকর্ড ছুঁয়েছে এবং দেশটিতে রাতের তাপমাত্রা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড





