রাশিয়ায় তুষারধসে ১১ পর্বতারোহীর মৃত্যু, নিখোঁজ ৬

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্দিনো-বালকারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি সেবা বিভাগ।
রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে উত্তর ককেশাসের অন্যতম উচ্চতম পর্বত মিজিরগির ঢালে তুষারধসের ঘটনা ঘটে। এতে ৩৩ জন পর্বতারোহীর একটি দল তুষারধসের কবলে পড়ে।
জরুরি সেবা বিভাগের তথ্য অনুযায়ী, সোমবার স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্ত ১০ জন পর্বতারোহী নিজ উদ্যোগে পাহাড় থেকে নিচে নেমে আসতে সক্ষম হয়েছেন। তবে আরও ছয়জনের অবস্থান ও ভাগ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি।
নিখোঁজদের সন্ধান ও উদ্ধারকাজে ৫০ জনের বেশি জরুরি কর্মী অংশ নিয়েছেন। তবে দুর্গম ভূপ্রকৃতি এবং নতুন করে তুষারধসের উচ্চ ঝুঁকির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
মিজিরগি উত্তর ককেশাসের একটি ভাঁজ পর্বত এবং রাশিয়ার ৫ হাজার মিটারের বেশি উচ্চতার ১২টি পর্বতের একটি। পর্বতটির ঢালজুড়ে হিমবাহ রয়েছে, ফলে সেখানে আরোহণের জন্য বিশেষায়িত ও কারিগরি পর্বতারোহণের দক্ষতা প্রয়োজন।


