‘ইসরায়েলের অস্তিত্ব রক্ষার স্বার্থে’ নেতানিয়াহুকে সরানোর দাবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়িত্ব থেকে সরানোর দাবি জানিয়েছেন দেশটির বিরোধী আইনপ্রণেতা গিলাদ কারিভ। তিনি বলেছেন, ইসরায়েলি সমাজের অস্তিত্বের স্বার্থেই নেতানিয়াহুকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করা প্রয়োজন।
শনিবার মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কারিভ এ মন্তব্য করেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলি সেনাবাহিনীর তদন্ত নিয়ে নেতানিয়াহুর অবস্থানের সমালোচনা করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
কারিভ বলেন, ৭ অক্টোবরের হামলার পর কয়েক মাস ধরে নেতানিয়াহু গাজা সীমান্তবর্তী এলাকার কিবুতজগুলোতে যেতে এড়িয়ে গেছেন। একইভাবে ওই হামলার দিন কী ঘটেছিল, সে বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর তদন্তের বিষয়েও তিনি দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন।
বিরোধী এই আইনপ্রণেতা নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের নিরাপত্তাকে বারবার ‘পরিত্যাগ’ করার এবং জাতীয় নিরাপত্তা ব্যবস্থাপনায় ‘সম্পূর্ণ অযোগ্যতা’র অভিযোগ তোলেন।
তিনি বলেন, ‘এমন একজন ব্যক্তিকে আমাদের ভবিষ্যৎ এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া উচিত নয়।’ নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী পদ থেকে সরানোকে তিনি ‘ইসরায়েলি সমাজের অস্তিত্বের প্রয়োজন’ হিসেবে উল্লেখ করেন।
৭ অক্টোবরের ব্যর্থতা নিয়ে তদন্তের দাবি
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে ও পরে নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা খতিয়ে দেখতে ইসরায়েলে দীর্ঘদিন ধরে একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়ে আসছে বিরোধী দলগুলো এবং দেশটির সমাজের বড় একটি অংশ।
তবে নেতানিয়াহুর সরকার এ ধরনের রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এর পরিবর্তে সরকারের নিয়োগ করা একটি তদন্ত প্যানেলের পক্ষে অবস্থান নিয়েছে তারা।
এ নিয়ে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দায় এড়িয়ে যাওয়ার অভিযোগও রয়েছে।
নির্বাচনে চাপে নেতানিয়াহু
ইসরায়েলে পরবর্তী পার্লামেন্ট নির্বাচন আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাম্প্রতিক জনমত জরিপগুলোতে নেতানিয়াহু ও তাঁর দল লিকুদ পার্টির জনপ্রিয়তায় পতনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
এদিকে দুর্নীতির অভিযোগে নেতানিয়াহুর বিচারও চলমান রয়েছে। একই সঙ্গে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এই সংঘাতে ৭৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় হামলা অব্যাহত থাকার অভিযোগ রয়েছে।



