ঝগড়ার সময় স্ত্রীকে প্রকাশ্যে গুলি করে হত্যা পুলিশ সদস্যের

এশিয়া পোস্ট ডেস্ক
ঝগড়ার সময় স্ত্রীকে প্রকাশ্যে গুলি করে হত্যা পুলিশ সদস্যের
অভিযুক্ত পুলিশ সদস্য ও তার স্ত্রী। ছবি: সংগৃহী

স্কুটারে যাওয়ার সময় ঝগড়ার একপর্যায়ে মাঝরাস্তায় স্ত্রীর প্রকাশ্যে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবল স্বামীর বিরুদ্ধে।

সোমবার (১৩ জুলাই) ভোরে ভারতের দিল্লিতে এ ঘটনা ঘটে। ঘাতক ওই পুলিশ সদস্যের নাম মনীশ ভাটি। ঘটনার পর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ভারতীয় পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোরের দিকে মনীশ ভাটি ও তার স্ত্রী প্রিয়াঙ্কা স্কুটারে চড়ে পূর্ব দিল্লির কল্যাণপুর এলাকা দিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যেই তাদের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়। একপর্যায়ে মনীশ স্কুটার থামিয়ে দেন এবং দুজনই নিচে নেমে ঝগড়া করতে থাকেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঝগড়ার একপর্যায়ে মনীশ হঠাৎ পিস্তল বের করে প্রিয়াঙ্কাকে লক্ষ্য করে গুলি চালান। এরপর মুমূর্ষু স্ত্রীকে রাস্তায় ফেলে রেখেই তিনি পালিয়ে যান।

ঘটনার পরপরই রাস্তার পাশে প্রিয়াঙ্কাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন এক ডেলিভারি বয়। তিনি দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় লাল বাহাদুর শাস্ত্রী (এলবিএস) হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় প্রিয়াঙ্কার মৃত্যু হয়।

নিহত প্রিয়াঙ্কা পেশায় একজন শিক্ষিকা ছিলেন এবং সোমবার ছিল তার ২৬তম জন্মদিন। অন্যদিকে অভিযুক্ত মনীশ ভাটি সম্প্রতি পূর্ব দিল্লির ‘অ্যান্টি-অটো থ্যাফট স্কোয়াডে’ (এএটিএস) কনস্টেবল হিসেবে যোগদান করেন।

পুলিশ জানায়, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পলাতক অভিযুক্ত পুলিশ সদস্য মনীশ ভাটিকে শনাক্ত ও গ্রেপ্তারে ইতোমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ।

সূত্র: এনডিটিভি