পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে: মোদি

চলতি বছরের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ভূমিধস জয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (৪ মে) সামজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে’।
ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে পরাজিত করার ঘটনায় এবারের নির্বাচন ‘চিরকাল স্মরণীয় হয়ে থাকবে’ বলে মন্তব্য করেছেন মোদি।
পোস্টে তিনি আরও বলেন, ‘জনগণের জয় হয়েছে এবং বিজেপির সুশাসনের রাজনীতি জয়ী হয়েছে। আমি পশ্চিমবঙ্গের প্রত্যেক ব্যক্তিকে প্রণাম জানাই। জনগণ বিজেপিকে এক অভূতপূর্ব রায় দিয়েছেন। আমি তাদের আশ্বাস দিচ্ছি যে, আমাদের দল পশ্চিমবঙ্গের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের জন্য সম্ভাব্য সবকিছু করবে। আমরা এমন একটি সরকার দেব, যা সমাজের সকল স্তরের মানুষকে সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।
এদিকে বাংলার মানুষ এই বিপুল সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সকল শহীদ বিজেপি কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির অভাবনীয় সাফল্যকে দলীয় কর্মীদের ত্যাগ, সংগ্রাম এবং মৃত্যুর প্রতি একটি ‘শ্রদ্ধাঞ্জলি’ হিসেবে বর্ণনা করেছেন।
রাজ্যে গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হয়। নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেস জানিয়েছিল, তারা গত তিনবারের মতো এবারও বিপুল ব্যবধানে জয় পাবে। তবে ফলাফল ঘোষণার পর থেকে দেখা যাচ্ছে বিজেপিকেই বেশিরভাগ মানুষ ভোট দিয়েছেন। এতে মমতার ১৫ বছরের শাসনের সমাপ্তি ঘটতে যাচ্ছে।