লেবাননে ঘাঁটিতে ইসরায়েলি হামলায় শান্তিরক্ষী নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি কন্টিনজেন্টের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনীর। এতে অন্তত একজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৩০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা বিবৃতিতে লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী ইউএনআইএফআইএল এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
বিবৃতিতে বলা হয়েছে, শান্তি প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে কারও প্রাণহানি হওয়া উচিত নয়। এতে আরও বলা হয়েছে, শান্তিরক্ষীদের ঘাঁটিতে ‘নিক্ষেপ করা বস্তুটির’ উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, দক্ষিণাঞ্চলের মারজায়উন জেলার আদশিত আল-কুসায়ের এলাকায় শান্তিরক্ষীদের ওই ঘাঁটি ইসরায়েলি গোলাবর্ষণের শিকার হয়েছে। এতে সেখানে থাকা ইন্দোনেশিয়ার শান্তিরক্ষীরা ‘ক্ষতিগ্রস্ত’ হয়েছেন।
লেবাননের বেসরকারি সম্প্রচারমাধ্যম আল–জাদিদ জানায়, এ হামলার ঘটনায় হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আহতদের এরই মধ্যে হেলিকপ্টারে হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে লেবাননে নিহত এবং আহত জাতিসংঘ শান্তিরক্ষীরা নিজেদের নাগরিক বলে জানিয়েছে ইন্দোনেশিয়া। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, আদচিত আল কুসাইরের কাছে ইন্দোনেশীয় ইউনিফিল কন্টিনজেন্টের অবস্থানের আশেপাশে পরোক্ষ কামানের গোলার আঘাতে এই হতাহতের ঘটনা ঘটেছে।
মন্ত্রণালয় এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং একটি পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে।
সৈন্যের মৃত্যুতে শোক জানিয়েছে ইন্দোনেশিয়া সরকার। আন্তর্জাতিক আইন অনুযায়ী জাতিসংঘ শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষা সবসময় পূর্ণ সম্মান করার জানিয়েছে দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শান্তিরক্ষীদের ওপর যে কোনো আঘাত অগ্রহণযোগ্য এবং এটি শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার সম্মিলিত প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে।
ইসরায়েলের সাথে সীমানা রেখা বরাবর শত্রুতা পর্যবেক্ষণ করতে দক্ষিণ লেবাননে ইউনিফিল মোতায়েন রয়েছে—যে অঞ্চলটি ইসরায়েলি সৈন্য এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় লেবাননে ইসরায়েলের আগ্রাসনেরও নিন্দা জানিয়েছে এবং সব পক্ষকে লেবাননের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করার আহ্বান জানিয়েছে।