ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ ভারতীয় নিহত

ওমান উপকূলে তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে প্রাথমিকভাবে পাওয়া খবর অনুযায়ী তিন জন ভারতীয় নাবিক নিখোঁজ হন। পরে তাদের নিহতের খবর পাওয়া গেছে।
এক প্রতিবেদনে বৃহস্পতিবার (১১ জুন) এ খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভারতের কেন্দ্রীয় বন্দর কর্তৃপক্ষ, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নিহতের খবর নিশ্চিত করেছেন।
জলপথ মন্ত্রী জানান, ওমান উপসাগরে একটি ট্যাংকারে যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় নিখোঁজ তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নিহত তিন নাবিক হলেন ডেক ক্যাডেট আদিত্য শর্মা, ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া এবং চিফ ইঞ্জিনিয়ার পাটনালা সুরেশ।
বুধবার (১০ জুন) ওমান উপকূলে সেত্তেবেলো নামের একটি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে।
পালাউ-পতাকাবাহী জাহাজটিতে ২৮ জন নাবিক ছিলেন, যাদের মধ্যে ২৪ জন ভারতীয় নাগরিক। ওমানের সোহর বন্দরের প্রায় ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে যাওয়ার সময় হামলার খবর জানিয়ে জাহাজটি একটি বিপদ সংকেত পাঠায়।
ঘটনার পর এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার নিন্দা জানিয়ে বলেছে, ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ সেত্তেবেলোতে হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এর নিন্দা জানাচ্ছি।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, জাহাজটি ইরানি তেল বহন করছিল। তাদের সামরিক বাহিনীর নির্দেশ না মানায় জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
