logo

কলকাতার ঐতিহ্যবাহী রেড রোডে হচ্ছে না ঈদের জামাত

কলকাতার ঐতিহ্যবাহী রেড রোডে হচ্ছে না ঈদের জামাত
ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রস্তুত হচ্ছে ইমাম মঞ্চ। ছবি: এশিয়া পোস্ট

পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে কড়াকড়ি আরোপ করেছে। গরু কোরবানি, সড়কে জুমার নামাজ আদায় নিয়ে বিতর্কের মধ্যে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়েও আরোপ হয়েছে বিধিনিষেধ। এতদিন কলকাতার ঐতিহ্যবাহী রেড রোডে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হলেও এবার হচ্ছে না।

বৃহস্পতিবার (২৮ মে) রেড রোডের পরিবর্তে ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত। এ জন্য ভিক্টোরিয়া মেমোরিয়াল-সংলগ্ন ব্রিগেড মাঠে চলছে জোরকদমে শেষ মুহূর্তের প্রস্তুতি।

নামাজের জন্য তৈরি করা হয়েছে বিশেষ ইমামতি মঞ্চ। গোটা মাঠজুড়ে বসানো হয়েছে শতাধিক লাউডস্পিকার, যাতে দূরবর্তী মুসল্লিরাও সহজে খুতবা ও নামাজে অংশ নিতে পারেন। পাশাপাশি মুসল্লিদের সুবিধার কথা মাথায় রেখে এই প্রথম ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অস্থায়ী শৌচাগার ও গাড়ি পার্কিংয়ের বিশেষ ব্যবস্থাও করা হয়েছে।

ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করছে কলকাতা পুলিশ ও খিলাফত কমিটি।

খিলাফত কমিটির দায়িত্বপ্রাপ্ত ইশতেক আহমেদ জানান, রেড রোড মুসলিম সম্প্রদায়ের আবেগ ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে। ১৯২০ সাল থেকেই খিলাফত কমিটি কলকাতায় ঈদের নামাজের আয়োজন করে আসছে। পরে ১৯৭৮ সাল থেকে নিয়মিতভাবে রেড রোডে বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হতে শুরু করে। ২০২৫ সাল পর্যন্ত সেই ধারাই বজায় ছিল। তবে এবার নতুন সরকারের আমলে সেই আয়োজন স্থানান্তরিত হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।

কলকাতার রেড রোডের ঈদের জামাত ভারতের অন্যতম বৃহৎ জামাত হিসেবে পরিচিত। প্রতি বছর সহস্রাধিক মুসল্লির উপস্থিতিতে সেখানে নামাজ অনুষ্ঠিত হয়। এবার সেই ঐতিহ্যের নতুন ঠিকানা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড।