logo

নিরাপত্তার ঝুঁকি দেখিয়ে নেতানিয়াহুর সাক্ষ্যদান স্থগিত

নিরাপত্তার ঝুঁকি দেখিয়ে নেতানিয়াহুর সাক্ষ্যদান স্থগিত

দুর্নীতির মামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল আজ। তবে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে শেষমুহূর্তে এসে তার সাক্ষ্যদান স্থগিত করা হয়ছে। 

সোমবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ফার্স্ট পোস্ট। 

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা এবং ইরান যুদ্ধের কারণে দীর্ঘ বিরতির পর সোমবার আবারও আদালতে সাক্ষ্য দেওয়ার কথা ছিল বেনিয়ামিন নেতানিয়াহুর। তবে চরম নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় আদালতের কার্যক্রম শুরু হওয়ার মাত্র এক ঘণ্টা আগে তা স্থগিত ঘোষণা করা হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমগুলোর বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর আইনজীবী অমিত হাদাদ নিরাপত্তার কারণ দেখিয়ে আদালতকে এই হাজিরা স্থগিতের অনুরোধ জানান। বর্তমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে জনসমক্ষে প্রধানমন্ত্রীর দীর্ঘক্ষণ উপস্থিতি বড় ধরনের ঝুঁকির কারণ হতে পারে বলে মনে করছে তার প্রতিরক্ষা দল। আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে আদালত আজকের নির্ধারিত সাক্ষ্যদান কর্মসূচি বাতিল করতে বাধ্য হয়।

২০১৯ সাল থেকে চলতে থাকা নেতানিয়াহুর একটি ফৌজদারি মামলার অংশ এই সাক্ষ্যদান। তার বিরুদ্ধে ঘুষ নেওয়া, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতি এবং প্রতারণার মতো গুরুতর অভিযোগ রয়েছে এ মামলায়। গত কয়েক বছর ধরে এই বিচার প্রক্রিয়া চললেও যুদ্ধের কারণে তা বারবার বিঘ্নিত হচ্ছে।

যদিও নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন, তবে আজকের এই সাক্ষ্যদান কর্মসূচি ঘিরে দেশজুড়ে ব্যাপক কৌতূহল ও উত্তেজনা ছিল। শেষ মুহূর্তে নিরাপত্তা উদ্বেগের দোহাই দিয়ে হাজিরা এড়িয়ে যাওয়াকে নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আদালত পরবর্তী শুনানির দিন এখনও ঘোষণা করেনি।