চালকবিহীন টেসলার ধাক্কায় প্রাণ গেল নারীর

এশিয়া পোস্ট ডেস্ক
চালকবিহীন টেসলার ধাক্কায় প্রাণ গেল নারীর
চালকবিহীন টেসলা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে সেলফ-ড্রাইভিং বা চালকবিহীন মোডে থাকা একটি টেসলা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ে। এ ঘটনায় ঘরের ভেতরে থাকা এক নারী প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১৯ জুন) রাত আনুমানিক ৮টার দিকে টেক্সাসের কেটি এলাকায় এই ঘটনা ঘটে।

Advertisement

স্থানীয় গণমাধ্যম ও সংবাদমাধ্যম এবিসি নিউজের বরাতে রোববার (২১ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

হ্যারিস কাউন্টির শেরিফ অফিসের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় মাইকেল বাটলার নামের এক ব্যক্তি তার টেসলা মডেল ৩ গাড়িটি ‘স্বয়ংক্রিয় ড্রাইভিং এসিস্ট্যান্ট সিস্টেম’ চালু রেখে পরিচালনা করছিলেন। গাড়িটি হঠাৎ নিজের লেন ছেড়ে রাস্তা থেকে ছিটকে যায় এবং একটি ইটের তৈরি আবাসিক বাড়িতে গিয়ে আছড়ে পড়ে।

শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাটলারের টেসলা গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে ইটের বাড়িটির দেয়াল ভেঙে সরাসরি ভেতরে ঢুকে পড়ে। এ সময় ঘরের ভেতরে থাকা এম. আভিলা নামের এক নারী সজোরে আঘাতপ্রাপ্ত হন।

তদন্তকারীরা জানিয়েছেন, দুর্ঘটনার পর আভিলাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় পরে তিনি মৃত্যবরণ করেন।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এ ঘটনায় গাড়ির চালক মাইকেল বাটলার নিজেও আহত হয়েছেন। তবে প্রাথমিক তদন্তে তার মধ্যে মদ্যপ বা নেশাগ্রস্ত থাকার কোনো লক্ষণ দেখা যায়নি। দুর্ঘটনার পর থেকে তদন্তকারীদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনার তদন্ত প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। শনিবার (২০ জুন) বিকেল পর্যন্ত চালক বাটলারের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।