logo

যুক্তরাষ্ট্রের তেলকে ‘বিশ্বের সেরা’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের তেলকে ‘বিশ্বের সেরা’ বললেন ট্রাম্প

বিপুল সংখ্যক খালি ট্যাঙ্কার তেল ও গ্যাস নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ দেশের তেলকে ‘বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর’ বলে দাবি করেছেন তিনি। তার এই মন্তব্যটি এমন সময় আসল, যখন পাকিস্তানে শান্তি আলোচনায় অংশ নিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

শনিবার (১১ এপ্রিল) নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, বিশ্বের অন্যতম বৃহত্তম বিপুল সম্পূর্ণ খালি ট্যাঙ্কার এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছে ‘বিশ্বের সেরা এবং সবচেয়ে মধুর’ তেল ও গ্যাস বোঝাই করার জন্য। পরবর্তী দুটি বৃহত্তম তেল উৎপাদনকারী অর্থনীতির মোট পরিমাণের চেয়েও আমাদের কাছে বেশি তেল আছে। এর মানও উচ্চতর।

ট্রাম্প যখন এই পোস্টটি নিজের অ্যাকাউন্টে শেয়ার করেন, তখন অন্যদিকে ইসলামাবাদে তেহরান তাদের ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা তুলে ধরেছে। তাদের মতে, ছয় সপ্তাহ ধরে চলা যুদ্ধের অবসানের জন্য মুখোমুখি আলোচনা শুরুর আগে ওয়াশিংটনকে অবশ্যই এই প্রস্তাব মেনে নিতে হবে। এমন অবস্থায় যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব বাজারে তেলের দাম ওঠানামা করছে।

বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড তেলের দাম সম্প্রতি ১১০ ডলারের ওপরে উঠে যায়। এরপর যুক্তরাষ্ট্র ও ইরান একটি শর্তসাপেক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় তা ১৫ শতাংশ কমে ৯২ ডলারের কিছু নিচে নামে। এই চুক্তিতে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ও অর্ন্তভুক্ত রয়েছে।

ইরান বিশ্বের গুরুত্বপূর্ণ শিপিং রুট হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত সীমিত করায় জ্বালানি তেল ও খাবারের দাম অনেক বেড়ে যায়। তবে সংঘাত শুরুর আগের তুলনায় এখনো তেলের দাম বেশি। আগে এই তেল ব্যারেলপ্রতি প্রায় ৭০ ডলারে লেনদেন হচ্ছিল।