ব্রিটিশ নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলছেন স্টারমার: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ‘ব্রিটিশ নাগরিকদের জীবন ঝুঁকির মধ্যে ফেলছেন’ বলে মন্তব্য করেছেন ইরনের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শুক্রবার (২০ মার্চ) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি এ কথা বলেন। এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এক্স পোস্টে আরাঘচি বলেন, ইরান তাদের ‘আত্মরক্ষার অধিকার’ প্রয়োগ করবে। তিনি দাবি করেন, ‘ব্রিটিশ জনগণের বিশাল অংশ ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের এই যুদ্ধের অংশ হতে চায় না।’
তিনি বলেন, নিজ দেশের জনগণের মতামত উপেক্ষা করে স্টারমার যুক্তরাজ্যের ঘাঁটিগুলো ইরানের বিরুদ্ধে আগ্রাসনের জন্য ব্যবহারের অনুমতি দিয়ে ব্রিটিশদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছেন।
এর আগে শুক্রবার শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয় যুক্তরাজ্য। হরমুজ প্রণালি এলাকায় ইরানের সামরিক স্থাপনায় হামলা চালানোর জন্য এই অনুমতি দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র এখন এসব ঘাঁটি ব্যবহার করে হরমুজ প্রণালি এলাকায় জাহাজ লক্ষ্য করে ইরানে চালানো হামলার সক্ষমতা ধ্বংসে প্রতিরক্ষামূলক অভিযান চালাতে পারবে।
তবে যুক্তরাজ্য সরাসরি এসব হামলায় অংশ নেবে না বলেও জানানো হয়েছে। ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এই সংঘাত মোকাবিলায় যুক্তরাজ্যের নীতিগত অবস্থান অপরিবর্তিত রয়েছে।’
একজন মুখপাত্র জানান, মন্ত্রীরা একমত হয়েছেন যে, মার্কিন বাহিনী ‘প্রতিরক্ষামূলক অভিযানের’ অংশ হিসেবে এমন সক্ষমতাগুলোকে লক্ষ্যবস্তু করতে পারবে, যেগুলো হরমুজ প্রণালি এলাকায় জাহাজে হামলার জন্য ব্যবহার করা হচ্ছে। তবে তারা সংঘাতের দ্রুত অবসান এবং জরুরি ভিত্তিতে উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।