logo

এক দিনে একাধিক যুদ্ধবিমান-মিসাইল-ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

এক দিনে একাধিক যুদ্ধবিমান-মিসাইল-ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক শক্তিকে লক্ষ্য করে বড় ধরনের সাফল্যের দাবি করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে, এক দিনেই তারা একাধিক যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করেছে।

ইরানের দাবি অনুযায়ী, গত শুক্রবার (৩ এপ্রিল) অন্তত দুটি যুদ্ধবিমান এবং তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। দিনটিকে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য একটি বড় ক্ষতির দিন হিসেবে উল্লেখ করেছে। খবর প্রেস টিভি

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের জনসংযোগ শাখা জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক প্রতিরোধ অভিযান পরিচালনা করা হয়। এতে ইরানের অ্যারোস্পেস ডিফেন্স ফোর্স দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম হয়।

এ ছাড়া ইসফাহানের আকাশে দুটি এমকিউ-৯ ড্রোন এবং বুশেহর অঞ্চলে একটি হারমেস ড্রোন ভূপাতিত করার দাবি করা হয়েছে। এসব অভিযান নতুন উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়েছে বলে জানানো হয়।

একই বিবৃতিতে আরও বলা হয়, একটি পৃথক অভিযানে ইরানের মধ্যাঞ্চলে একটি আধুনিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। ওই বিমানের পাইলটের খোঁজ এখনও পাওয়া যায়নি এবং তিনি নিরাপদে বের হতে পারেননি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির কাছাকাছি দক্ষিণাঞ্চলীয় জলসীমায় একটি মার্কিন এ-১০ ধরনের যুদ্ধবিমানও ভূপাতিত করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, বিমানটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে পরে সাগরে বিধ্বস্ত হয়।

তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে এমন তথ্য আরও উত্তেজনা বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা