logo

পারস্য উপসাগরে ঢুকেছে মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত আরেকটি তেলবাহী জাহাজ

পারস্য উপসাগরে ঢুকেছে মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত আরেকটি তেলবাহী জাহাজ

মার্কিন নিষেধাজ্ঞা তালিকায় থাকা আরও একটি বিশাল তেলবাহী জাহাজ (সুপার ট্যাংকার) হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করেছে। জাহাজ চলাচলের তথ্য (শিপিং ডাটা) বিশ্লেষণ করে ‍বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এই তথ্য দিয়েছে রয়টার্স।

এলএসইজি ও কেপলারের তথ্যের বরাতে আল জাজিরা জানায়, আরএইচএন নামের একটি খালি জাহাজ বুধবার উপসাগরে প্রবেশ করেছে। জাহাজটি একবারে ২০ লাখ ব্যারেল তেল বহন করতে সক্ষম।

এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছিল, সোমবার থেকে শুরু হওয়া তাদের অবরোধের পর কোনো জাহাজই তা ভেদ করতে পারেনি এবং অন্তত ১০টি জাহাজকে তারা ফিরিয়ে দিয়েছে। কিন্তু নতুন এই তথ্য যুক্তরাষ্ট্রের সেই দাবিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

জাহাজটি ঠিক কোথায় যাচ্ছে তা এখনও স্পষ্ট নয়। তবে বুধবার ইরানের ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকা একটি ইরানি সুপার ট্যাংকার মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পার হয়ে ইরানের ইমাম খোমেনি বন্দরের দিকে রওনা হয়েছে।

সংবাদমাধ্যম জানায়, ইরানের তেল খাতের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তেহরান তাদের নৌ চলাচল ও জ্বালানি বাণিজ্য অব্যাহত রেখেছে। এই ঘটনাটি ওই অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান উত্তেজনা আরও উসকে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে আমেরিকান সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, মার্কিন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অবরোধকৃত এলাকায় কোনো নৌযান প্রবেশ করলে বা বের হলে তা আটক, পথ পরিবর্তন কিংবা বাজেয়াপ্ত করা হতে পারে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বন্দরগুলোতে যেসব জাহাজ অবস্থান করছে বা যেসব জাহাজ ওই বন্দগুলোতে প্রবেশ করবে, তা মার্কিন নৌ অবরোধের আওতাভুক্ত। যদি এ অবরোধের সময় ইরানিরা যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালায়, তবে তাদের কঠোর পরিণতির সম্মুখীন হতে হবে।

তবে ইরানের এক্সপেডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের ঊর্ধ্বতন সদস্য এবং সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি বলেছেন, ‘হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার ক্ষেত্রে যেমন আমেরিকা ইরানের কাছে পরাজিত হয়েছে, ঠিক তেমনি এই নৌ অবরোধের ক্ষেত্রেও তারা ব্যর্থ হবে।’

এর আগে গত ১৩ এপ্রিল আরব সাগরে যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ ভঙ্গ করে হরমুজ প্রণালি পাড়ি দিয়েছে চীনের মালিকানাধীন মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত একটি তেলবাহী জাহাজ।

মাঝারি পাল্লার ওই ট্যাংকারের নাম ‘রিচ স্টারি’। ২০২৩ সালে মার্কিন নিষেধাজ্ঞা আরোপিত হওয়ার আগে নাম ছিল ‘ফুল স্টার’। সে সময় তেহরানকে জ্বালানি নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করার অভিযোগ কালো তালিকাভুক্ত করে ওয়াশিংটন।