হামাসের তিন সদস্যকে হত্যার দাবি ইসরায়েলের

ফিলিস্তিনের গাজায় সাম্প্রতিক এক অভিযানে হামাসের তিন যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহতদের মধ্যে ৭ অক্টোবরের হামলার সঙ্গে সরাসরি জড়িত একজন কমান্ডার রয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
ইসরায়েলের দাবি অনুযায়ী, নিহত প্রথম ব্যক্তি ছিলেন একজন প্রভাবশালী কমান্ডার। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে ঢুকে হামলার ঘটনায় একজন গুরুত্বপূর্ণ কমান্ডারের দায়িত্বে ছিলেন তিনি। দ্বিতীয় ব্যক্তি ছিলেন হামাসের একটি প্লাটুন কমান্ডার। তার বিরুদ্ধে গাজায় ইসরায়েলি বাহিনীর ওপর অসংখ্যবার হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে।
বিবৃতিতেক বলা হয়েছে, নিহত তৃতীয় ব্যক্তি হামাসের সামরিক গোয়েন্দা ইউনিটের সদস্য হিসেবে কাজ করতেন। তবে এই তিনজনকে ঠিক কোথায় বা কোন সময়ে হত্যা করা হয়েছে, সে সম্পর্কে ইসরায়েলি সামরিক বাহিনী স্পষ্ট কিছু জানায়নি। এই হত্যাকাণ্ডের বিষয়ে হামাসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৭২ হাজার ৫৮৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে একটি বড় অংশই নারী ও শিশু।
গত বছরের অক্টোবরে একটি তথাকথিত ‘যুদ্ববিরতি’ চুক্তি হলেও গাজায় হামলা থেমে নেই। চুক্তির পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৮০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আন্তর্জাতিক মহলে এই অভিযানকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করা হয়েছে।