logo

২০২৭ সালে তাপমাত্রার রেকর্ডের শঙ্কা জাতিসংঘ মহাসচিবের

২০২৭ সালে তাপমাত্রার রেকর্ডের শঙ্কা জাতিসংঘ মহাসচিবের
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: আনাদোলু এজেন্সি

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে চরম আবহাওয়ার ঘটনা ক্রমেই বাড়ছে। এর সঙ্গে শক্তিশালী এল নিনোর প্রভাবে তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বকে জলবায়ু সংকটের ভয়াবহতা গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ শুরুর প্রেক্ষাপটে সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনে আগে থেকেই উত্তপ্ত হয়ে ওঠা পৃথিবীতে নতুন করে তীব্র প্রভাব ফেলছে শক্তিশালী এল নিনো। বিশ্ব এখন জলবায়ুর চরমভাবাপন্নতার এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে।

সম্মেলনে অংশ নিতে আনতালিয়ায় জড়ো হওয়া বিশ্বনেতাদের উদ্দেশে গুতেরেস দ্রুত গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর আহ্বান জানান। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে ন্যায়সংগত উত্তরণ নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য প্রয়োজনীয় অর্থায়ন ও সুরক্ষার ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) প্রকাশিত এক প্রতিবেদনে বৈশ্বিক জলবায়ু পরিস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ২০২৬ সালেও বিশ্বজুড়ে অস্বাভাবিক তাপমাত্রা, বরফ গলে যাওয়া এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে।

ডব্লিউএমওর তথ্যমতে, আবহাওয়ার রেকর্ড সংরক্ষণ শুরুর পর গত ১২ বছরই ছিল ইতিহাসের উষ্ণতম ১২ বছরের অন্তর্ভুক্ত। চলতি বছরও উষ্ণতম বছরগুলোর তালিকায় জায়গা করে নিতে পারে।

রেকর্ড ভাঙছে তাপমাত্রা

জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডব্লিউএমওর প্রধান সেলেস্তে সাউলো বলেন, বৈশ্বিক আবহাওয়ায় যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা রেকর্ড ভাঙার প্রচলিত ধারণাকেও ছাড়িয়ে যাচ্ছে।

তিনি আশঙ্কা প্রকাশ করেন, বর্তমানে শক্তিশালী অবস্থানে থাকা এল নিনো আগামী বছর পর্যন্ত তাপপ্রবাহসহ বিভিন্ন ধরনের চরম আবহাওয়ার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। ফলে ২০২৭ সালেও তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হওয়ার জন্য বিশ্বকে প্রস্তুত থাকতে হবে।

সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা প্রাক্‌-শিল্পযুগের তুলনায় প্রায় ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। চলতি বছরের এল নিনো ১৯৫০ সালের পর সবচেয়ে শক্তিশালী ঘটনাগুলোর একটি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এর প্রভাবে বছরের শেষ দিকে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

ডব্লিউএমওর জলবায়ু তথ্যবিষয়ক প্রধান জন কেনেডি জানান, প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৬ সাল বিশ্বের রেকর্ড করা উষ্ণতম চার বছরের একটি হতে পারে। তবে এল নিনোর প্রভাব আরও স্পষ্ট হওয়ার পর চূড়ান্ত হিসাব পরিবর্তিত হতে পারে।

সেলেস্তে সাউলো ব্যাখ্যা করেন, এল নিনো একটি প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া, যার ফলে প্রশান্ত মহাসাগর থেকে বায়ুমণ্ডলে অতিরিক্ত তাপ ছড়িয়ে পড়ে। এ বছর সমুদ্রের তাপমাত্রাও রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।

সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা দীর্ঘমেয়াদি গড়ের চেয়ে অন্তত শূন্য দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি হলে এল নিনো পরিস্থিতি ঘোষণা করা হয়। তবে ডব্লিউএমওর পূর্বাভাস অনুযায়ী, আগামী জানুয়ারি পর্যন্ত কোনো কোনো অঞ্চলে এ তাপমাত্রার বিচ্যুতি ৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।

হিমবাহ গলছে, বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা

জলবায়ু পরিবর্তনের প্রভাবে শুধু বায়ুমণ্ডলের তাপমাত্রাই বাড়ছে না, সমুদ্র ও হিমবাহের অবস্থারও অবনতি হচ্ছে। ডব্লিউএমও জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। একই সঙ্গে বিশ্বে মিঠাপানির প্রাপ্যতা কমছে এবং দীর্ঘদিন ধরে হিমবাহ সংকুচিত হওয়ার প্রবণতা অব্যাহত রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে হিমবাহ থেকে যে পরিমাণ বরফ গলে হারিয়ে গেছে, তা দিয়ে ওই বছর প্রতি সেকেন্ডে পাঁচটি অলিম্পিক আকারের সুইমিং পুল পূর্ণ করা সম্ভব হতো।

সাউলো বলেন, মানুষের কর্মকাণ্ডের কারণে আবহাওয়ার চরম পরিস্থিতি আরও তীব্র হচ্ছে। এর সঙ্গে এল নিনোর প্রভাব যুক্ত হওয়ায় ঝুঁকি বাড়ছে।

তিনি আরও সতর্ক করেন, তাপপ্রবাহ, গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় এবং অতিবৃষ্টির মতো দুর্যোগ আগের পূর্বাভাসের তুলনায় দ্রুততর সময়ে তীব্র আকার ধারণ করছে।

আগাম সতর্কীকরণ ব্যবস্থায় অগ্রগতি

তবে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কিছু অগ্রগতির কথাও জানিয়েছে ডব্লিউএমও। সংস্থাটির মতে, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তা দেওয়ার সক্ষমতা অর্জন করা দেশের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

২০১৫ সালে মাত্র ৫৫টি দেশে এ ধরনের আগাম সতর্কীকরণ ব্যবস্থা থাকলেও গত বছর তা বেড়ে ১৩৬টিতে দাঁড়িয়েছে।

এই অগ্রগতি ধরে রাখতে বৈশ্বিক আবহাওয়া পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ এবং পূর্বাভাস ব্যবস্থায় দীর্ঘমেয়াদি বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দিয়েছে সংস্থাটি। কপ৩১ সম্মেলনে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছে তারা।

সেলেস্তে সাউলো বলেন, জলবায়ু পরিস্থিতির দ্রুত পরিবর্তনের সময়ে পর্যাপ্ত তথ্য ও পূর্বাভাস ছাড়া এগিয়ে যাওয়ার ঝুঁকি নেওয়ার সুযোগ নেই। তাই বৈশ্বিক পর্যবেক্ষণ ও আগাম সতর্কীকরণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা জরুরি।

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট