নতুন করে কোন দেশে কত শতাংশ শুল্কারোপ করল যুক্তরাষ্ট্র

বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়ন, ভারত ও চীনসহ ১৪ দেশ ও অঞ্চলের বিরুদ্ধে নতুন আমদানি শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এসব দেশের ওপর বিভিন্ন মাত্রায় শুল্কারোপ করেছে ট্রাম্প প্রশাসন।
নিজেদের অন্যতম প্রধান কয়েকটি বাণিজ্যিক অংশীদারের ম্যানুফ্যাকচারিং বা উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা ও উৎপাদন নিয়ে ‘সেকশন ৩০১’ তদন্তের পর এই শুল্ক আরোপ করা হচ্ছে।
বুধবার (২৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) আট মাসের তদন্ত শেষে নতুন শুল্ক আরোপ করে। তদন্তে মোট ১৬টি দেশের বাণিজ্য পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এর মধ্যে ১৪টি দেশের পণ্যে শুল্ক আরোপ করা হয়েছে।
দেশ ও অঞ্চলগুলো হলো বাংলাদেশ, ইউরোপীয় ইউনিয়ন, চীন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, জাপান ও ভারত। আর বাকি দুই দেশ মেক্সিকো ও নরওয়ের বিষয়ে তদন্ত এখনও চলছে।
বিভিন্ন দেশ ও পণ্যের ক্ষেত্রে আলাদা আলাদা শুল্কহার প্রযোজ্য হবে।
সবচেয়ে বেশি হারে শুল্কের মুখে পড়েছে চীন, যার হার সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত। এরপরে ভিয়েতনামের সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত। বাকি দেশগুলোর ক্ষেত্রে ২০ বা ২৫ শতাংশ শুল্ক প্রযোজ্য হবে।
তবে ট্রাম্পের সঙ্গে আগে করা বাণিজ্য চুক্তির কারণে কয়েকটি দেশের ক্ষেত্রে কার্যকর শুল্কের হার কমে আসবে।
মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চীনের পণ্যে প্রস্তাবিত এই শুল্কের সঙ্গে ট্রাম্পের প্রথম মেয়াদে আরোপ করা শুল্কও বহাল থাকবে। তবে চলতি বছরের জুলাইয়ে ৬০টি দেশের ওপর আরোপ করা ১০ ও সাড়ে ১২ শতাংশ শুল্কের সঙ্গে নতুন শুল্ক যোগ হবে না। নতুন শুল্কের হার ট্রাম্প প্রশাসনের সঙ্গে বিভিন্ন দেশের বাণিজ্য চুক্তিতে নির্ধারিত সর্বোচ্চ সীমা অতিক্রম করবে না।
তবে প্রস্তাবিত শুল্ক এখনই কার্যকর হচ্ছে না। এ বিষয়ে গণশুনানি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত নেওয়া হবে। শুনানির সময়সূচি নির্ধারণের পর শুল্ক কার্যকরের প্রক্রিয়া শুরু হবে। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সব প্রক্রিয়া শেষ হতে আগামী জানুয়ারি পর্যন্ত সময় লাগতে পারে।
এদিকে চীন নতুন শুল্ক আরোপের ঘোষণার আগে এর বিরোধিতা করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন, অতিরিক্ত উৎপাদন সক্ষমতার অভিযোগটি একটি মিথ্যা বিষয়। রাজনৈতিক উদ্দেশ্যে এ অভিযোগকে ব্যবহার করার বিরোধিতা করে বেইজিং। তবে নতুন শুল্ক ঘোষণার পর চীনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।

