logo

হরমুজ দিয়ে জাহাজ চলাচলের দাবি যুক্তরাষ্ট্রের, নাকচ করল ইরান

হরমুজ দিয়ে জাহাজ চলাচলের দাবি যুক্তরাষ্ট্রের, নাকচ করল ইরান

পাকিস্তানের ইসলামাবাদে যখন যুদ্ধবিরতির আলোচনায় ব্যস্ত ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল, তখন একরে পর এক ব্যঙ্গাত্মক পোস্ট দিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের একটি যুদ্ধজাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। তবে এ দাবি নাকচ করে দিতে দেরি করেনি ইরান। 

শনিবার (১১ এপ্রিল) অ্যাক্সিওসের সাংবাদিক বারাক রাভিদ মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। 

তবে এর আগে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে একটি মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালির দিকে অগ্রসর হচ্ছিল বলে দাবি করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। পরে ওই যুদ্ধজাহাজটি ইরানের সশস্ত্র বাহিনীর নজরদারির সম্মুখীন হয় বলেও জানান তিনি।

সংবাদমাধ্যম বিবিসির খবরে জানা গেছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়ার খবর অতিদ্রুত পাকিস্তানে থাকা ইরানি আলোচক দলকেও জানানো হয়।

আলজাজিরার খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র হরমুজে মাইন অপসারণের প্রক্রিয়া শুরু করেছে বলে দাবি করেছেন ট্রাম্প।

এসব খবরের পর যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়ে আনুষ্ঠানিক বার্তা প্রকাশ করে ইরান। ইরানি সংবাদমাধ্যম আইআরআইবি দেশটির জ্যেষ্ঠ এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেনি।

এর আগে ট্রাম্প তার ট্রোথ সোশ্যালে অন্য এক পোস্টে দাবি করেছেন, ‘সবাই জানে, তারা (ইরান) হারতে যাচ্ছে এবং অনেক বড় ব্যবধানে হারতে যাচ্ছে!’ ইরানের এখন আর কোনো নৌবাহিনী, বিমানবাহিনী বা বিমান ধ্বংস করার মতো প্রতিরক্ষা ব্যবস্থার মজুত নেই বলে উল্লেখ করেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হওয়া ইরানি নেতাদের বিষয়ে ট্রাম্প বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাদের শীর্ষ নেতারা আর আমাদের মাঝে নেই।’

পোস্টের শেষে ব্যঙ্গ করে তিনি লেখেন, ‘প্রেইজ টু আল্লাহ (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য)!’