logo

যুক্তরাষ্ট্রের অবরোধ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে: হেগসেথ

যুক্তরাষ্ট্রের অবরোধ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে: হেগসেথ

ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত নৌ অবরোধের মেয়াদকাল ও বিস্তৃতি আরও বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে অবরোধ আরও কঠোর হচ্ছে। আমাদের এই অবরোধ কেবল বিস্তৃত হচ্ছে না বরং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে।

শুক্রবার (২৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের সঙ্গে এক যৌথ সংবাদ ব্রিফিংয়ে হেগসেথ এ কথা বলেন। ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটনে অবস্থিত পেন্টাগনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

তেহরানকে হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, সময়ের সঙ্গে সঙ্গে অবরোধ আরও কঠোর হচ্ছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। এখন আর কোনো কিছুই (ইরানের বন্দরের) ভেতরে ঢুকবে না বা বাইরে আসবে না। আমাদের এই অবরোধ কেবল বিস্তৃত হচ্ছে না। বরং এটি এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে।

তিনি বলেন, ইরানের সামনে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে। তারা চাইলে একটি ভালো ও চৌকস চুক্তিতে পৌঁছাতে পারে। সিদ্ধান্ত এখন তাদের হাতে। ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধের কারণে এ পর্যন্ত ৩৪টি জাহাজ ফেরত পাঠানো হয়েছে।

হেগসেথ বলেন, তেহরান শাসকগোষ্ঠীর কাছে অবরোধ প্রতি ঘণ্টায় আরও কঠোর হচ্ছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। কোনো জাহাজ (ইরানের) ভেতরে ঢুকতে বা বাইরে যেতে পারছে না। যতদিন প্রয়োজন হবে এই অবরোধ বহাল থাকবে। আমাদের হাতে অফুরন্ত সময় আছে, এবং আমরা কোনো চুক্তির জন্য উদ্‌গ্রীব নই।

ইরানের বিরুদ্ধে যুদ্ধের সমালোচনা করে পোপ লিও’র করা মন্তব্যকে উড়িয়ে দিয়ে হেগসেথ বলেন, পোপ ‘তার নিজের কাজ করে যাবেন’ এবং তাতে কোনো সমস্যা নেই।

সূত্র: রয়টার্স