ইন্দোনেশিয়ায় জাহাজডুবি/উদ্ধার ৬ মরদেহ, এখনও হদিশ মেলেনি ১৪০ আরোহীর

ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪৩ জন আরোহী নিয়ে যাত্রীবাহী জাহাজ ডুবির ঘটনায় ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার পরিচালিত অভিযানে এখন পর্যন্ত ১১৩ জন যাত্রীকে জীবন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। ফলে এখনও হদিশ মেলেনি ১৩০ আরোহীর।
রোববার (১৩ সেপ্টেম্বর) উদ্ধারকারী সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। গতকাল শনিবার ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের যাত্রীবাহী জাহাজটি পূর্ব জাভার সুরাবায়া শহর থেকে দক্ষিণ কালিমান্তানের বানজারমাসিন শহরের উদ্দেশে রওনা হয়েছিল।
তবে স্থানীয় সময় রোববার ভোরে প্রতিকূল আবহাওয়ার মুখে পড়ে কর্তৃপক্ষের সঙ্গে জাহাজটির সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজের সময় জাহাজটিতে ৩০ জন নাবিকসহ মোট ২৪৩ জন আরোহী ছিলেন।
উদ্ধারকারী সংস্থার বানজারমাসিন কার্যালয়ের প্রধান আই পুতু সুদায়ানা ভিডিও বার্তায় জানান, দুর্ঘটনাস্থলে জাহাজ, হেলিকপ্টারসহ উদ্ধারকারী দল সামরিক ও বেসামরিক উদ্যোগে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। জীবিত উদ্ধার হওয়াদের উদ্ধারকারী জাহাজে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের কয়েকজনকে পূর্ব জাভার একটি বন্দরে নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, প্রায় ১৭ হাজার দ্বীপের সমন্বয়ে গঠিত দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় বিমান ভ্রমণের চেয়ে সাশ্রয়ী হওয়ায় অভ্যন্তরীণ পরিবহনের ক্ষেত্রে ফেরি অত্যন্ত জনপ্রিয় ও অন্যতম প্রধান মাধ্যম। তবে প্রায়শই নৌ-নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে প্রয়োগ না করায় এবং অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনের কারণে দেশটির সমুদ্রপথে দুর্ঘটনার হার তুলনামূলকভাবে বেশ বেশি।


