আফগান সীমান্তে পাকিস্তানের হামলায় ৮০ জনেরও বেশি সন্ত্রাসী নিহত

আফগান সীমান্তে পাকিস্তানের হামলায় ৮০ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দেশটির একটি নিরাপত্তা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে বলে সংবাদ প্রকাশ করেছে জিও নিউজ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সাতটি শিবির ও আস্তানা লক্ষ্য করে বিমান হামলায় ৮০ জনেরও বেশি জঙ্গি নিহত হয়েছে।
পাকিস্তানে সাম্প্রতিক আত্মঘাতী হামলার প্রতিক্রিয়ায় আফগানিস্তানের নাঙ্গারহার, পাকতিকা এবং খোস্ত প্রদেশে বিমান হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, পাকিস্তানের সাম্প্রতিক পদক্ষেপগুলো আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার জনগণকে রক্ষা করার অধিকারকে প্রতিষ্ঠিত করেছে।
সর্বশেষ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জারদারি হুঁশিয়ারি দিয়ে বলেন, পাকিস্তানের অভ্যন্তরে রক্তপাতের জন্য দায়ীদের ছাড় দেওয়া হবে না।
এর আগে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী বলেন, পাকিস্তান-আফগান সীমান্তে সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে পাকিস্তানের হামলার পর প্রায় ৭০ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।