‘ইরানের সঙ্গে আলোচনার জন্য আগামীকাল পাকিস্তান যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় অংশ নিতে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) মার্কিন আলোচকরা পাকিস্তানে পৌঁছাবেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই সফরের কথা নিশ্চিত করেন।
তবে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এই আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোন কোন কর্মকর্তা অংশ নেবেন, সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি।
রোববার (১৯ এপ্রিল) আলজাজিরার প্রতিবেদন অনুসারে, ইরানের সঙ্গে দ্বিতীয় দফার শান্তি আলোচনার বিষয়ে হোয়াইট হাউস এখনও কিছু জানায়নি। এ ছাড়া প্রথম দফার বৈঠকে নেতৃত্ব দেওয়া যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কার্যালয় থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
একই পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, গতকাল হরমুজ প্রণালিতে গুলি চালিয়ে ইরান চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। পাশাপাশি তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে ইরান যদি তা গ্রহণ না করে, তবে দেশটির বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে।
ট্রাম্প লিখেছেন, তারা যদি এই চুক্তি মেনে না নেয়, তবে যুক্তরাষ্ট্র ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং সেতু গুঁড়িয়ে দেবে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, একটি শান্তি চুক্তিতে আসতে এটা ইরানের জন্য শেষ সুযোগ।
সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে জানান, তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার মতো ভুলের পুনরাবৃত্তি করবেন না।
২০১৫ সালে ওবামা প্রশাসনের আমলে ইরানের সঙ্গে একটি ব্যাপকভিত্তিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যাকে ট্রাম্প শুরু থেকেই ‘ভুল পদক্ষেপ’ হিসেবে অভিহিত করে আসছেন।
চুক্তিতে সই না করলে পরিণাম কী হতে পারে, সে সম্পর্কে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, ‘ইরান যদি এই চুক্তিতে স্বাক্ষর না করে, তবে পুরো দেশটিকে উড়িয়ে দেওয়া হবে।’