logo

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার দাবি/ইরান শান্তিচুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু

ইরান শান্তিচুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে স্থায়ী শান্তিচুক্তি প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগ ভেস্তে দিতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ট্রাম্প প্রশাসনকে এই বিষয়ে সতর্কবার্তা দিয়েছে। সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট শুক্রবার (১৯ জুন) গোয়েন্দা তথ্য মূল্যায়নের সঙ্গে যুক্ত বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তিতে মূলত সংঘাতের চিরস্থায়ী সমাধানের পথ খোাঁজার পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে চুক্তি সত্ত্বেও লেবাননে ইসরায়েল তাদের সামরিক আগ্রাসন চালিয়ে যেতে বদ্ধপরিকর বলে মনে হচ্ছে। যদিও আগামী সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিদের মধ্যে নতুন দফার আলোচনা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

মার্কিন এক কর্মকর্তা দ্য ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, নতুন করে উত্তেজনা না বাড়লেও, দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে ইসরায়েলের অস্বীকৃতি শান্তি চুক্তিটিকে চরম ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তিনি সতর্ক করে বলেন, লেবাননের একটি অংশ দখল করে রাখা মানে বিপর্যয় ডেকে আনা। ইসরায়েলি বাহিনী সম্পূর্ণ প্রত্যাহার না হলে, ইসরায়েলি সেনাবাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে আবারও পুরোদমে যুদ্ধ শুরু হওয়াটা একপ্রকার নিশ্চিত।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলকে তাদের একমাত্র শক্তিশালী মিত্র আমেরিকার সঙ্গে দূরত্ব তৈরি না করার জন্য কড়া হুঁশিয়ারি দিয়েছেন। ভ্যান্স স্পষ্ট করে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এই মুহূর্তে গোটা বিশ্বের রাষ্ট্রপ্রধান, যিনি ইসরায়েল রাষ্ট্রের প্রতি সম্পূর্ণ সহানুভূতিশীল।’

হামলার মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর

যুক্তরাষ্ট্রের কর্মকর্তা নিশ্চিত করেছেন, মাঠপর্যায়ে সহিংসতা ও হামলা অব্যাহত থাকার মধ্যে ইসরায়েল এবং হিজবুল্লাহ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৯ জুন) বিকেল ৪টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

তবে যুদ্ধবিরতি কার্যকরের ঠিক আগে লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলের হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং বহু মানুষ আহত হন বলে নিশ্চিত করেছে লেবাননের জাতীয় সংবাদ সংস্থা।

গত ২ মার্চ লেবাননে ইসরায়েলের এই সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩ হাজার ৯১২ জন নিহত এবং ১১ হাজার ৮৭৩ জন আহত হয়েছেন। এছাড়া ইসরায়েলি বোমাবর্ষণের কারণে ১০ লাখেরও বেশি বাসিন্দা নিজেদের বাড়িঘর ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন। এই প্রতিকূল সামরিক ও কূটনৈতিক চাপের কারণে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তির ভবিষ্যৎ এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে।


সূত্র: টিআরটি ওয়ার্ল্ড