গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৩০৭৪

এশিয়া পোস্ট ডেস্ক
গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৩০৭৪
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৭৪ জনে পৌঁছেছে। একই সঙ্গে আহত হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৫৩৭ জন।

বৃহস্পতিবার ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজার বিভিন্ন হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে আরও ১২ জনকে।

এদিকে, বৃহস্পতিবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত সাত ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছে ওয়াফা।

এর আগে গত মাসে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় সহিংসতা থামেনি।

জানা গেছে, গত বছরের ১১ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এক হাজার ৫৯ ফিলিস্তিনি নিহত ও ৩ হাজার ৪২৯ জন আহত হয়েছেন। এছাড়াও ধ্বংসস্তূপ থেকে ৭৮৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ রয়েছেন। অ্যাম্বুলেন্স ও বেসামরিক প্রতিরক্ষাকর্মীরা এখনও তাদের কাছে পৌঁছাতে পারছেন না।