স্কুলে যেতে অনীহা, ছুটি পেতে বোমাতঙ্ক ছড়াল দিল্লির ছাত্রী

স্কুলে যেতে ইচ্ছা করছিল না। তাই এক দিনের ছুটি পেতে স্কুলের ইমেল ঠিকানায় বোমা রাখার ভুয়া হুমকি পাঠায় দিল্লির এক কিশোরী। ঘটনার তদন্তে নেমে দুদিনের মধ্যে ওই ছাত্রীকে শনাক্ত করেছে পুলিশ। তার বিরুদ্ধে জুভেনাইল জাস্টিস আইনের অধীনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দিল্লির লোধি রোড এলাকার এয়ার ফোর্স বাল ভারতী স্কুলের ওই ছাত্রী গত ২৩ অক্টোবর স্কুল কর্তৃপক্ষের কাছে একটি ইমেল পাঠায়। ইমেলের বিষয়বস্তুতে লেখা ছিল, স্কুল ভবনে বোমা রাখা রয়েছে।
হুমকিমূলক ইমেলটি পাওয়ার পরপরই সতর্ক হয়ে ওঠেন স্কুল কর্তৃপক্ষ। শিক্ষার্থী ও কর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত স্কুল ভবন খালি করা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ স্কুল চত্বরে তল্লাশি চালালেও কোনো বোমা বা বিস্ফোরক উদ্ধার করতে পারেনি। ফলে হুমকিটি ভুয়া বলে নিশ্চিত হয় তদন্তকারীরা।
গত কয়েক সপ্তাহে দিল্লির একাধিক স্কুলেই ভুয়া বোমাতঙ্ক ছড়িয়েছে। কে বা কারা এই ধরনের বার্তা ছড়াচ্ছে, এখনও স্পষ্ট নয়। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছিল পুলিশ। লোধি রোডের স্কুলে একই ধরনের হুমকি পাওয়ার পর দিল্লি পুলিশের সাইবার শাখা তদন্ত শুরু করে।
ইমেলটির প্রযুক্তিগত তথ্য, ডিজিটাল নথি ও অন্যান্য প্রমাণ বিশ্লেষণ করে প্রেরককে শনাক্ত করা হয়। শনিবার পুলিশ জানায়, হুমকিমূলক ইমেলটি পাঠিয়েছিল ওই স্কুলেরই এক ছাত্রী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, স্কুল এক দিন বন্ধ রাখার উদ্দেশ্যেই সে এমন পদক্ষেপ নিয়েছিল।
তদন্তকারীরা এখন কিশোরীর কাছ থেকে আরও তথ্য জানার চেষ্টা করছেন। এর আগে সে একই ধরনের হুমকি দিয়েছিল কি না, অন্য কোনো স্কুলে বোমা রাখার ভুয়ো বার্তা পাঠানোর সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
পাশাপাশি, দিল্লির অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক বোমাতঙ্কের ঘটনাগুলোর সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখছে পুলিশ।
কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত কিশোরীর বিরুদ্ধে জুভেনাইল জাস্টিস আইনের অধীনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
