logo

জাপানে ধেয়ে আসছে টাইফুন দুজুয়ান, ২৭৫ ফ্লাইট বাতিল

এএফপি
এএফপি
জাপানে ধেয়ে আসছে টাইফুন দুজুয়ান, ২৭৫ ফ্লাইট বাতিল
জাপানে টাইফুন দুজুয়ানের প্রভাবে সোমবার অন্তত ২৭৫টি ফ্লাইট বাতিল করা হয়। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস

টাইফুন দুজুয়ানের প্রভাবে জাপানে সোমবার অন্তত ২৭৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝড়টি টোকিওর দিকে অগ্রসর হওয়ায় রাজধানী ও আশপাশের এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত এবং ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বাতাসসহ টাইফুনের কারণে টোকিওতে আয়োজিত বিশ্বের অন্যতম বড় ভিডিও গেম বাণিজ্য মেলা ‘টোকিও গেম শো’-এর শেষ দিনের কার্যক্রম নির্ধারিত সময়ের আগেই বাতিল করা হয়। ঝড়ের প্রভাবে বিভিন্ন এলাকায় হাজারো মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) রোববার জানিয়েছিল, টাইফুনটি আঘাত হানার আগেই বৃষ্টি ও বাতাসের তীব্রতা আরও বাড়তে পারে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত যে পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, তা সেপ্টেম্বরের স্বাভাবিক মাসিক গড়কেও ছাড়িয়ে যেতে পারে। এর ফলে কোথাও কোথাও রেকর্ড মাত্রার ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

ঘণ্টায় সর্বোচ্চ ১৪৪ কিলোমিটার গতির বাতাস নিয়ে টাইফুনটি টোকিওর দূরবর্তী দ্বীপ হাচিজোজিমা থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। টোকিওর পার্শ্ববর্তী চিবা অঞ্চলে সোমবার চার হাজারের বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল। ভারী বৃষ্টি ও ভূমিধসের ঝুঁকিতে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছে জেএমএ ও কর্তৃপক্ষ।

ঝড়ের কারণে বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটে। জাপান এয়ারলাইনস ১২০টি অভ্যন্তরীণ ও ১৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে, অল নিপ্পন এয়ারওয়েজ বাতিল করেছে ১৪০টি অভ্যন্তরীণ ফ্লাইট।

টোকিও ও আশপাশের এলাকায় কয়েকটি রেলপথেও ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া চিবা অঞ্চলের একটি বড় উন্মুক্ত সংগীত উৎসব এবং একটি বেসবল ম্যাচও বাতিল করা হয়েছে।