logo

সৈন্য সংকটে ইসরায়েলি বাহিনী, ভেঙে পড়ার শঙ্কা

সৈন্য সংকটে ইসরায়েলি বাহিনী, ভেঙে পড়ার শঙ্কা

ইরান, লেবানন ও গাজায় সম্মুখসারিতে যুদ্ধ চালাতে গিয়ে চরম জনবল সংকটে পড়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে পড়েছে যে, খোদ ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির ‘সেনাবাহিনী ভেঙে পড়ার’ শঙ্কা প্রকাশ করেছেন। একইসঙ্গে বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিডও দেশটিতে একটি বড় ধরনের ‘নিরাপত্তা বিপর্যয়ের’ আশঙ্কার কথা জানিয়েছেন।

ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। বৃহস্পতিবার (২৬ মার্চ) এক টেলিভিশন ভাষণে ইয়ার ল্যাপিড কড়া ভাষায় নেতানিয়াহু সরকারের সমালোচনা করেন। 

তিনি বলেন, আইডিএফ তাদের সক্ষমতার শেষ সীমায় পৌঁছে গেছে। সরকার সেনাবাহিনীকে যুদ্ধক্ষেত্রে ক্ষতবিক্ষত অবস্থায় ফেলে রাখছে।

বুধবার (২৫ মার্চ) নিরাপত্তা ক্যাবিনেটে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামিরের দেওয়া সতর্কবার্তার পর তার এই মন্তব্য এসেছে। 

ল্যাপিড আরও বলেন, সরকার কোনো কৌশল ছাড়াই, প্রয়োজনীয় উপায় ছাড়া এবং অতি সামান্য সৈন্য নিয়ে সেনাবাহিনীকে একটি বহুমুখী যুদ্ধে পাঠাচ্ছে।

গণমাধ্যমের প্রতিবেদনে জামিরকে উদ্ধৃত করে বলা হয়েছে, তিনি নিরাপত্তা ক্যাবিনেটকে জানিয়েছেন আইডিএফ এখন ভেঙে পড়ার দ্বারপ্রান্তে।

বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফিল ডেফরিন সৈন্য সংকটের কথা স্বীকার করে বলেন, লেবাননসহ বিভিন্ন সম্মুখসারিতে ‘আরও যুদ্ধরত সৈন্য প্রয়োজন’। তিনি দখলকৃত পশ্চিম তীর, গাজা এবং সিরিয়াতেও বাড়তি সৈন্যের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

ল্যাপিড জানান, জামির ক্যাবিনেটকে বলেছেন, রিজার্ভিস্ট বা সংরক্ষিত বাহিনীর সদস্যদের ষষ্ঠ এবং সপ্তম দফায় যুদ্ধে পাঠানো হচ্ছে। এই রিজার্ভিস্টরা ক্লান্ত-বিধ্বস্ত এবং তারা আর আমাদের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারছে না। সেনাবাহিনীর অর্পিত দায়িত্ব পালনের জন্য পর্যাপ্ত সৈন্য নেই।

নিজের ভারেই ধসে পড়বে ইসরায়েলি সেনাবাহিনী

ল্যাপিড অতি-গোঁড়া ‘হারেদি’ সম্প্রদায়ের পুরুষদের সেনাবাহিনীতে নিয়োগের দাবি জানিয়েছেন। ১৯৪৮ সালে ইসরায়েল সৃষ্টির পর থেকে এই সম্প্রদায়টি সামরিক সেবা থেকে অব্যাহতি পেয়ে আসছে। যদিও ইসরায়েলে সামরিক পরিষেবা বাধ্যতামূলক, তবে ধর্মীয় গ্রন্থ পাঠে নিয়োজিতদের জন্য এই ছাড় দেওয়া হয়। ল্যাপিড এই ছাড় বাতিলের কঠোর দাবি জানান।

খবর অনুযায়ী, জামির সতর্ক করেছেন, লেবাননে হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখে সেনাবাহিনী ‘নিজের ভারেই ধসে পড়বে’। সেখানে ইসরায়েল শত শত মানুষকে হত্যা করেছে এবং ১০ লক্ষাধিক মানুষকে উচ্ছেদ করেছে। 

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৩-এর খবর অনুযায়ী জামির মন্ত্রীদের বলেন, আমি আপনাদের সামনে ১০টি লাল পতাকা (সতর্ক সংকেত) তুলে ধরছি। আইডিএফ-এর এখন জরুরি ভিত্তিতে নিয়োগ আইন প্রয়োজন। অন্যথায় আইডিএফ তার নিয়মিত দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকবে না।

ইসরায়েল বর্তমানে ইরান, লেবানন এবং গাজায় হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে একাধিক যুদ্ধক্ষেত্র উন্মুক্ত করেছে। এর মধ্যেই বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে তাদের আরও দুই সৈন্য নিহত হয়েছে। এ নিয়ে সেখানে মোট চারজন সৈন্য নিহত হলো। হিজবুল্লাহ দাবি করেছে, তারা অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে এবং অনেক ‘মারকাভা’ ট্যাংক ধ্বংস করেছে।