logo

ছেলের সাবেক প্রেমিকাকে সরকারি পদ থেকে সরিয়ে দিলেন ট্রাম্প

দ্য গার্ডিয়ান
দ্য গার্ডিয়ান
বিবিসি
বিবিসি
ছেলের সাবেক প্রেমিকাকে সরকারি পদ থেকে সরিয়ে দিলেন ট্রাম্প
২০২৫ সালে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি বক্তব্য রাখেন কিম্বার্লি গিলফয়েল। ছবি: রয়টার্স

বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সাবেক প্রেমিকা কিম্বার্লি গিলফয়েলকে যুক্তরাষ্ট্রের সরকারি পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গিলফয়েলের বিরুদ্ধে একের পর এক অসদাচরণের অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বর্তমানে গ্রিসে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত রয়েছেন। সেই পদ থেকেই তাকে সরে দাঁড়াতে বলেছেন ট্রাম্প।

মঙ্গলবার (১৩ অক্টোবর) হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়া তার প্রথম সংবাদ সম্মেলনে বিয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হোয়াইট হাউস রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগ করতে বলেছে। গিলফয়েল প্রশাসনের জন্য মূল্যবান সম্পদ ছিলেন এবং তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হচ্ছে।

পরে মঙ্গলবার হোয়াইট হাউস গিলফয়েলের আনুষ্ঠানিক পদত্যাগপত্র পেয়েছে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, গিলফয়েলকে সরিয়ে দেওয়ার কারণ হলো, তার বিষয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো তার পছন্দ হয়নি। তবে তিনি ব্যক্তিগতভাবে গিলফয়েলের সঙ্গে কথা বলেননি বলে জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া দীর্ঘ পোস্টে গিলফয়েল স্বীকার করেন, তার দায়িত্ব পালনের সময় শেষ হয়ে আসতে পারে। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অস্বীকার করে তিনি বলেন, নিজের নাম, সুনাম ও সততা রক্ষায় জোরালোভাবে লড়বেন।

গিলফয়েলের বিরুদ্ধে অভিযোগ, রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ চূড়ান্ত হওয়ার আগে তিনি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেওয়ার বিনিময়ে অর্থ চেয়েছিলেন। এ ছাড়া রাষ্ট্রদূত হিসেবে দামি উপহার গ্রহণ ও গ্রিসের একটি নির্মাণপ্রতিষ্ঠানের লবিস্টকে সরকারি বৈঠকে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

তবে অর্থ চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন গিলফয়েলের আইনজীবীরা। তার ভ্রমণ নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলো বিভ্রান্তিকর বলেও দাবি করেছেন তারা। পাশাপাশি, গিলফয়েল কেন্দ্রীয় সরকারের উপহার গ্রহণ ও তথ্য প্রকাশসংক্রান্ত নিয়ম মেনে চলেছেন বলে জানিয়েছেন আইনজীবীরা।

ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে ২০১৮ সাল থেকে ডেটিং শুরু করেন গিলফয়েল। পরে ২০২০ সালে তাদের বাগদান হয়। কিন্তু ২০২৪ সালের শেষের দিকে তাদের এই দীর্ঘদিনের সম্পর্কের অবসান ঘটে। তারা আলাদা হয়ে যান। এরপর ২০২৫ সালের সেপ্টেম্বরে গ্রিসে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব নেন তিনি। চলতি বছরের মে মাসে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র মার্কিন মডেল ও সোশ্যালাইট বেটিনা অ্যান্ডারসনকে বিয়ে করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেন, গিলফয়েল তার পরিবারের সদস্য ছিলেন না; তিনি অনেক আগে তার ছেলের সঙ্গে সম্পর্কে ছিলেন।