নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন/ইরান থেকে ইউরেনিয়াম ছিনিয়ে আনতে ‘সর্বকালের সেরা’ পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

সামরিক ইতিহাসের অন্যতম জটিল ও অত্যাধুনিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী। পরিকল্পনা অনুযায়ী, বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মার্কিন সৈন্যরা ইরানের অভ্যন্তরে প্রবেশ করে দেশটির বিভিন্ন পারমাণবিক স্থাপনায় সংরক্ষিত উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নেবে এবং তা নিরাপদে বের করে নিয়ে আসবে। এটি হবে দেশটির ভূখণ্ডের অভ্যন্তরে মার্কিন যৌথ বাহিনীর পরিচালিত একটি অভূতপূর্ব স্থলভিত্তিক বিশেষ সামরিক অভিযান।
শনিবার (২৫ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট’ এ তথ্য জানিয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে, এ ধরনের অভিযানের সাফল্য নির্ভর করবে দ্রুততা, গোপনীয়তা ও বিশেষ বাহিনীর নিখুঁত সমন্বয়ের ওপর। ইরানের মতো অত্যন্ত সুরক্ষিত অঞ্চলে প্রবেশ করে লক্ষ্য অর্জন শেষে অক্ষত অবস্থায় ফিরে আসা পেন্টাগনের জন্য বড় কৌশলগত পরীক্ষা হতে যাচ্ছে।
মার্কিন সামরিক পরিকল্পনা সম্পর্কে অবগত একটি সূত্র নিউইয়র্ক পোস্টকে জানিয়েছে, অত্যন্ত জটিল এই অভিযানের অংশ হিসেবে ইস্ফাহান, ফোর্ডো ও নাতাঞ্জের ‘পিক্যাক্স মাউন্টেন’-এর মতো সুবিশাল এবং সুরক্ষিত স্থাপনাগুলোতে হামলা চালিয়ে নিরাপদ বলয় তৈরিতে হাজার হাজার স্থলসেনার প্রয়োজন হবে।
পরিকল্পনা অনুযায়ী, বিশেষ সেনাদলগুলোকে প্রথমে চারপাশের মাইন ও ফাঁদ এড়িয়ে এগোতে হবে। এরপর বিমান হামলায় ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত সুড়ঙ্গের প্রবেশপথ খুঁড়ে বের করার জন্য বিশেষ নির্মাণ ও খননকর্মীদের কাজে লাগাতে হবে।
ইরানি বাহিনীর সম্ভাব্য পাল্টা আক্রমণ ঠেকিয়ে সুরক্ষিত বেষ্টনী বজায় রাখার কাজ করবে মূল বাহিনী; আর ঠিক সেই সময়ে একটি ছোট বিশেষ অপারেশন টিম সুরড়ঙ্গ থেকে ইউরেনিয়াম উদ্ধারের মূল কাজটি সম্পন্ন করবে।
মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গত মাসে ইরান নাতাঞ্জের পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র থেকে শত শত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ স্থানান্তর করেছে বলে খবর প্রকাশের ‘পিক্যাক্স মাউন্টেন’ (মাউন্ট কোলাং) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন কৌশলগত লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। নাতাঞ্জ থেকে সরিয়ে নেওয়া এসব সেন্ট্রিফিউজ পাশের পাহাড়ের নিচে অবস্থিত একটি অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনায় নেওয়া হয়ে থাকতে পারে।
সম্ভাব্য অভিযানে অংশ নিতে পারে মার্কিন নেভি সিল টিম ৬-এর ‘সিলভার স্কোয়াড্রন’, সেনাবাহিনীর ২য় রেঞ্জার ব্যাটালিয়ন এবং তেজস্ক্রিয় পদার্থ ব্যবস্থাপনায় নিয়োজিত ২১তম অর্ডন্যান্স কোম্পানি।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) হিসাব অনুযায়ী, বড় ধরনের সামরিক উত্তেজনা শুরুর আগে ইরানের কাছে ২০ হাজার পাউন্ডেরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত ছিল। এর মধ্যে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ উপাদানও রয়েছে, যা প্রযুক্তিগতভাবে পারমাণবিক অস্ত্র তৈরির অত্যন্ত কাছাকাছি।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ধারণা, ২০২৫ সালের জুনে বড় বিমান হামলা সত্ত্বেও ইউরেনিয়ামের সেই বড় মজুতটি ধ্বংসস্তূপের নিচে বা ভূগর্ভস্থ সুড়ঙ্গে এখনো অক্ষত রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের ইঙ্গিত, উচ্চপর্যায়ের এই বিশেষ অভিযানের পরিকল্পনা ও রানওয়ে ব্যবহারের কৌশল সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইতোমধ্যেই আনুষ্ঠানিকভাবে ব্রিফ করা হয়েছে।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক কর্মকর্তা রিচার্ড গোল্ডবার্গ চ্যালেঞ্জগুলোর চিত্র তুলে ধরে বলেন, ‘সবগুলো স্থাপনার চারপাশে দ্রুত একটি সুরক্ষিত বেষ্টনী তৈরি করা এবং পুরো টিমকে নিরাপদে বের করে আনা সবচেয়ে কঠিন কাজ। তা ছাড়া ইস্ফাহানের সুড়ঙ্গগুলো মাইন ও বিস্ফোরক দিয়ে সুরক্ষিত করেছে ইরান। বিধায় এখন আর সারপ্রাইজ অ্যাটাকের সুযোগ নেই। আমরা (আমেরিকান) জানি ইউরেনিয়ামগুলো কোথায় রয়েছে। ইরানিরাও তা জানে।’
তিনি বলেন, ‘পিক্যাক্স মাউন্টেনের ভেতরে ঠিক কতটি সেন্ট্রিফিউজ রয়েছে, তা আমরা নিশ্চিতভাবে জানি না। ইরান সেগুলো খুলে ফেলছে, ধ্বংস করছে নাকি অন্য কোথাও সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, সেটিও স্পষ্ট নয়। যদি সেখানে বিশেষ বাহিনীর কোনো অভিযান চালানোর পরিকল্পনা করা হয়ে থাকে, তার প্রধান কারণ হলো শুধু বিমান হামলা চালিয়ে ওই ভূগর্ভস্থ স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে না।’
রাজধানী কারাকাসের রাষ্ট্রপতি প্রাসাদ থেকে ভেনেজুয়েলার সাবেক স্বৈরশাসক নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের জন্য পরিচালিত অভিযানের উদাহরণ টেনে তিনি আরও বলেন, ‘সম্ভাব্য পিক্যাক্স মাউন্টেন অভিযানও অনেকটা সেই ধরনের হতে পারে। এ ধরনের অভিযানে বিশেষ বাহিনী লক্ষ্যস্থলে প্রবেশ করে, প্রয়োজনীয় বিস্ফোরক স্থাপন করে এবং নির্ধারিত কাজ শেষ করে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে।’
ওয়াশিংটনভিত্তিক থিঙ্কট্যাংক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যালাল স্টাডিজের (সিএসআইএস) কর্মকর্তা জোসেফ রজার্স বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে ইরানের বিপজ্জনক পারমাণবিক উপাদান নিষ্ক্রিয় করার সবচেয়ে সম্ভাব্য উপায় হলো একটি সুনির্দিষ্ট সামরিক অভিযান। কারণ দীর্ঘদিনের কূটনৈতিক আলোচনা কার্যকর কোনো ফল দিচ্ছে না। এটি হবে সামরিক ইতিহাসের অন্যতম রসদ সরবরাহনির্ভর ও কঠিন অভিযান।’
হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা ও পারমাণবিক কর্মসূচির অচলাবস্থা নিরসনে গত জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও কূটনৈতিক আলোচনা মূলত থমকে গেছে। মার্কিন কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেতে হলে ইরানকে অবশ্যই উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের সম্পূর্ণ মজুত ত্যাগ করতে হবে।
.png)






