খোলা মাঠে নয়, আরব আমিরাতে ঈদের জামাত হবে মসজিদে

পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আজ (বুধবার) মাগরিবের নামাজের পর বৈঠকে বসছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রীয় চাঁদ দেখা কমিটি। চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশটিতে পালিত হবে ঈদ। চলমান ইরান যুদ্ধের ফলে আরব আমিরাতে এ বছর খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিরাপত্তার জেরে শুধু মসজিদে ঈদের নামাজ আদায় করার তাগিদ দিয়েছে দেশটির সরকার।
বুধবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
আরব আমিরাত ফতোয়া কাউন্সিলের ঘোষণা অনুযায়ী, আজ (২৯ রোজা) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য জ্যেষ্ঠ ধর্মীয় আলেম, জ্যোতির্বিজ্ঞানী এবং উচ্চপদস্থ কর্মকর্তারা মিলিত হবেন। সারা দেশ থেকে আসা পর্যবেক্ষণ প্রতিবেদনের ওপর ভিত্তি করেই রমজান সমাপ্তি ও ঈদের চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। এছাড়া সাধারণ নাগরিকদেরও আজ সন্ধ্যায় চাঁদ দেখার জন্য অনুরোধ জানিয়েছে কাউন্সিল।
চলমান মধ্যপ্রাচ্য উত্তেজনার কারণে এ বছর ঈদুল ফিতরের নামাজ নিয়ে বিশেষ কড়াকড়ি আরোপ করেছে দেশটির সরকার। জেনারেল অথরিটি অফ ইসলামিক অ্যাফেয়ার্স, এনডাউমেন্টস অ্যান্ড জাকাত জানিয়েছে, নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার কথা বিবেচনা করে কোনো ইদগাহ বা খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না।
দুবাই ও শারজাহর সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে সমন্বয় করে জানানো হয়েছে, সকল ঈদের নামাজ দেশের মসজিদগুলোর ভেতরেই সীমাবদ্ধ থাকবে।
কর্তৃপক্ষ মুসল্লিদের ভিড় এড়াতে এবং নিরাপত্তা বজায় রাখতে নির্ধারিত সময়ের আগেই মসজিদে উপস্থিত হওয়ার ও প্রয়োজনীয় সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
এদিকে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। স্থানীয় ও আন্তর্জাতিক চন্দ্র পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর সঙ্গে সতর্ক আলোচনার পর এই তারিখ নির্ধারণ করা হয়।
অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল নিশ্চিত করেছে, ১৪৪৭ হিজরির রমজান মাস ১৯ মার্চ (বৃহস্পতিবার) শেষ হবে এবং ২০ মার্চ (শুক্রবার) হবে ঈদুল ফিতরের প্রথম দিন ও ১৪৪৭ হিজরির শাওয়াল মাসের সূচনা।