logo

সৌদি পৌঁছেছেন ১৫ লাখের বেশি হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ১৫ লাখের বেশি হজযাত্রী
মক্কায় শুক্রবার সংবাদ সম্মেলনে নিরাপত্তা কমান্ডাররা। ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১৫ লাখের বেশি বিদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

শুক্রবার (২২ মে) দুপুর পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে আকাশ, স্থল ও সমুদ্রপথে মোট ১৫ লাখ ১৮ হাজার ১৫৩ জন হজযাত্রী পবিত্র ভূমিতে উপস্থিত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

শুক্রবার হজযাত্রীদের বিশাল আগমন কেন্দ্র করে মক্কার ইউনিফাইড সিকিউরিটি অপারেশনস সেন্টারে (৯১১) হজ নিরাপত্তা কমান্ডারদের এক যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে কর্মকর্তারা চলতি বছরের হজের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিতে বিভিন্ন নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা ও সামগ্রিক সাংগঠনিক পরিকল্পনা ও নির্দেশনাগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরেন।

সৌদি জননিরাপত্তা বিভাগের পরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-বাসামি জানান, আল্লাহর মেহমানদের নিরাপত্তায় পুরো নিরাপত্তা ব্যবস্থা এখন সম্পূর্ণ প্রস্তুত। হজযাত্রীরা যেন সুশৃঙ্খলভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন, হজের সব ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেন এবং সবশেষে নিরাপদে নিজ নিজ দেশে ফিরে যেতে পারেন, এটি তাদের মূল লক্ষ্য বলে জানান তিনি।

হজের ভিড় ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, হজযাত্রীদের যাতায়াত নিয়ন্ত্রণ এবং এক রুটের সঙ্গে অন্য রুটের যানজট এড়াতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। মাঠপর্যায়ের নিরাপত্তা কর্মীদের পাশাপাশি এবার আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তা সংস্থাগুলোর দক্ষতা যাচাইয়ের জন্য ইতোমধ্যে ব্যাপক মহড়া ও মাঠপর্যায়ের অনুশীলন সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি সম্ভাব্য সব ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।

প্রেসিডেন্সি অব স্টেট সিকিউরিটির বিশেষ জরুরি বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আল-ওমারি বলেন, এবারের নিরাপত্তা পরিকল্পনা অত্যন্ত সমন্বিত, দূরদর্শী এবং নমনীয়। হজযাত্রীদের সার্বিক সুরক্ষায় মক্কার কেন্দ্রীয় এলাকা ও পবিত্র স্থানগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, হজকে তার মূল ধর্মীয় উদ্দেশ্য ছাড়া অন্য কোনো রাজনৈতিক বা ভিন্ন কর্মকাণ্ডের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না।

এদিকে সিভিল ডিফেন্সের মহাপরিচালক মেজর জেনারেল ডক্টর হামুদ আল-ফারাজ জানান, হজ মৌসুমের সব প্রস্তুতি সম্পন্ন। হজযাত্রীদের সেবায় নিয়োজিত প্রতিটি সংস্থাকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি সিভিল ডিফেন্স কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নারী ও পুরুষ স্বেচ্ছাসেবীরাও মাঠপর্যায়ে দিনরাত কাজ করছেন।

পাসপোর্ট ফোর্সের মেজর জেনারেল ডক্টর সালেহ আল-মুরাব্বা জানান, বিশেষ ‘মক্কা রুট’ উদ্যোগের কারণে এবার ৩০ শতাংশ হজযাত্রী নিজ দেশ থেকে সৌদি আরবের ইমিগ্রেশন সম্পন্ন করে সহজে প্রবেশের সুবিধা পেয়েছেন। চমৎকার এই ব্যবস্থাপনার মধ্য দিয়ে শুক্রবার দুপুর পর্যন্ত ১৫ লাখেরও বেশি বিদেশি হজযাত্রী মক্কায় এসে পৌঁছেছেন।

সূত্র: আশরাক আল-আওসাত