logo

‘ভুল করে’ যুক্তরাষ্ট্রের ৩ যুদ্ধবিমান ভূপাতিত করল কুয়েত

‘ভুল করে’ যুক্তরাষ্ট্রের ৩ যুদ্ধবিমান ভূপাতিত করল কুয়েত

ইরানের ভেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩ এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে মিত্ররাষ্ট্র কুয়েত। তবে এই ঘটনা ভুলবশত হয়েছে বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে যুদ্ধবিমান ভূপাতিতের দাবি স্বীকার করেছে ওয়াশিংটন। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, কুয়েতের বিমান প্রতিরক্ষা বাহিনী ‘ভুলবশত’ ইরান-সম্পর্কিত অভিযানে অংশ নেওয়া তিনটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ছয়জন বিমান ক্রুকে নিরাপদে বের করে আনা হয়েছে এবং তাদের উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন। ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্তাধীন রয়েছে বলেও জানানো হয়েছে।

এর আগে, কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। ক্রুরা সবাই জীবিত আছেন।

কুয়েতি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে সমস্ত ক্রুকে সরিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থা স্থিতিশীল। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে কুয়েত সিটি।

এরও আগে কুয়েতের আকাশে যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ভিডিও দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এতে দেখা গেছে, আকাশে উড়ন্ত অবস্থায় ইরানের হামলায় মার্কিন যুদ্ধবিমানটিতে আগুন লেগে যায়। বিমানটি পুরোপুরি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট ইজেক্ট করতে (প্যারাসুট নিয়ে বেরিয়ে আসা) সক্ষম হন। পরে একটি গাড়ির ভেতর তাকে আশ্রয় দেওয়া হয়েছে।