খামেনি হত্যার নিন্দা জানিয়ে ইরানের প্রেসিডেন্টকে পুতিনের চিঠি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের সদস্যদের হত্যার নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এ হত্যাকাণ্ডকে ‘নিন্দনীয় হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছেন। মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে মার্কিন হামলা ও হত্যাকাণ্ডে ইরানের নেতৃত্বের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন পুতিন।
রোববার (১ মার্চ) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাঠানো একটি চিঠিতে এ বার্তা দিয়েছে ক্রেমলিন। চিঠিতে ইরানে সামরিক অভিযানের জন্য পুতিন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের তীব্র নিন্দা করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা তাস।
খামেনিকে একজন অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করে চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাশিয়া-ইরান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে বিশাল ব্যক্তিগত অবদান রেখেছেন খামেনি।
চিঠিতে পুতিন বলেন, আন্তর্জাতিক আইনের সমস্ত নিয়ম লঙ্ঘন করে ইরানের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন।
গতকাল শনিবার এক বিবৃতিতে ইরানের ওপর হামলাকে একটি ‘বিপজ্জনক অভিযান’ বলে নিন্দা জানিয়েছে রাশিয়া। অব্যাহত হামলা মধ্যপ্রাচ্যে ‘বিপর্যয়’ ডেকে আনতে পারে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।
সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান এবং রাশিয়ার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। ইউক্রেন সংঘাতের শুরু থেকে ইরান মস্কোর অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে পাশে ছিল। গত বছরের জুনে ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার আগে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছিল ক্রেমলিন। একই বছর সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করে ক্রেমলিন-ইরান।