logo

শক্তিশালী এ-১০ যুদ্ধবিমানের মেয়াদ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

শক্তিশালী এ-১০ যুদ্ধবিমানের মেয়াদ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর অত্যন্ত শক্তিশালী ও আইকনিক যুদ্ধবিমান হিসেবে পরিচিতি এ-১০ ওয়ার্থহগ (থান্ডারবোল্ট গ্রাউন্ড-অ্যাটাক জেট) এখনই অবসরে যাচ্ছে না। বিমানটির কার্যকাল অন্তত ২০৩০ সাল পর্যন্ত বাড়ানোর উদ্যোগ নিয়েছে মার্কিন বিমানবাহিনী।

চলমান ইরান যুদ্ধে যুদ্ধবিমানটির অভাবনীয় দক্ষতা এবং যুক্তরাষ্ট্রের বর্তমান সময়ের প্রতিরক্ষা চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেমাবার (২০ এপ্রিল) মার্কিন বিমানবাহিনী সচিবের কার্যালয় থেকে সোশ্যাল মিডিয়ায় এই তথ্য জানানো হয়েছে।

এর আগে প্রথমে পরিকল্পনা ছিল চলতি বছরই এই জেটগুলোকে পুরোপুরি বিদায় জানানো হবে। কিন্তু মার্কিন কংগ্রেসের হস্তক্ষেপে ১০৩টি জেটের মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত বহাল রাখা হয়। এখন বিমানবাহিনী সেই সময়সীমা আরও এক বছর বাড়িয়ে ২০৩০ সাল পর্যন্ত করেছে।

ইরান যুদ্ধে এ-১০ অত্যন্ত কার্কর ভূমিকা রেখেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এফ-১৫ই ফাইটার ইরানি মিসাইলে ভূপাতিত হয়ে পাইলটরা ইরানের ভূখণ্ডে ল্যান্ড করতে বাধ্য হন। পরে তাদের উদ্ধারে ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই অভিযান পরিচালনা। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী শেষপর্যন্ত পাইলটদের উদ্ধারে সক্ষম হয়। 

এই সফল অভিযানে জয়েন্ট চিফস চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এ-১০ যুদ্ধবিমান এবং এর পাইলটদের প্রশংসা করেছেন। 

কেইন জানান, ভূপাতিত মার্কিন ক্রু এবং তাদের উদ্ধারে যাওয়া বাহিনীকে লক্ষ্য করে এগিয়ে আসা ইরানি সেনাদের দমনে এ-১০ জেটগুলো মূল ভূমিকা পালন করেছে। এ সময় উদ্ধার অভিযানে একটি এ-১০ যুদ্ধবিমানও আঘাতপ্রাপ্ত হয় বলেও খবর হয়েছিল। তবে মার্কিন পাইলট তার কৌশলে বিমানটিকে নিরাপদ এলাকায় ফিরিয়ে আনার পর প্যারাসুট দিয়ে নিচে নেমে আসেন।

এ-১০ যুদ্ধবিমান কেন বিখ্যাত

বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, ১৯৭৫ সালের ১৯৭৫ সালের অক্টোবরে প্রথম বিমানবাহিনীতে যুক্ত হয় এ-১০ যুদ্ধবিমান। এরপর থেকে এই যুদ্ধবিমান অসংখ্য যুদ্ধে অংশ নিয়েছে। এটি তার নাকের ডগায় থাকা ৩০ মিমি গ্যাটলিং গানের জন্য বিখ্যাত। 

মিনিটে ৩ হাজার ৯০০ রাউন্ড গুলি ছুড়তে সক্ষম এই গান থেকে যে বিশেষ ‘বিআরআরআরপিপিপি’ শব্দ বের হয়, তা যুদ্ধক্ষেত্রে শত্রুর মনে ত্রাস সৃষ্টি করে। ট্যাংক ধ্বংস এবং পদাতিক বাহিনীকে নিমিষেই শেষ করে দিতে সক্ষম এই গুলি।

এ-১০ পাইলটদের শেষ দলটি চলতি মাসের শুরুর দিকে অ্যারিজোনার ডেভিস-মন্থান বিমান ঘাঁটি থেকে তাদের প্রশিক্ষণ শেষ করে স্নাতক হয়েছেন।