logo

ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ইসরায়েলের নেই পর্যাপ্ত প্রতিরক্ষা ব্যবস্থা 

ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ইসরায়েলের নেই পর্যাপ্ত প্রতিরক্ষা ব্যবস্থা 

ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ইসরায়েলের কাছে পর্যাপ্ত প্রতিরক্ষা ব্যবস্থা নেই।  তাদের কাছে আকাশ প্রতিরক্ষার একটি গুরত্বপূর্ণ সরঞ্জাম অনেক কম পরিমাণে আছে। এ বিষয়ে মিত্ররাষ্ট্র যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে ইসরায়েল।

শনিবার (১৪ মার্চ) মিডল ইস্ট মনিটর  এ সংবাদ প্রকাশ করেছে। গণমাধ্যমটির প্রতিবেদন অনুসারে, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে যে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরের সংখ্যা অত্যন্ত কম। মার্কিন গণমাধ্যম সেমাফোরের এক প্রতিবেদনে অজ্ঞাত মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানানো হয়েছে।

আনাদোলুর খবরে বলা হয়েছে, ইসরায়েল এই সপ্তাহের শুরুতে ওয়াশিংটনকে জানিয়েছিল যে তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরের সরবরাহ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ইরানের অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েলি সেনাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চাপের মধ্যে রয়েছে। কারণ, তাদের কাছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরের সংখ্যা অত্যন্ত কম।

সিএনএন জানিয়েছে, ইরান কিছু ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার যুদ্ধাস্ত্র যোগ করা শুরু করেছে। এর ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপক চাপের মধ্যে আছে।  

একজন মার্কিন কর্মকর্তা সেমাফোরকে বলেছেন, যুক্তরাষ্ট্র জানে যে ইসরায়েলের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরের সংখ্যা পর্যাপ্ত নয়। তারা এ পরিস্থিতি সম্পর্কে আগেই ধারণা করেছিল।

২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় আকারের হামলার পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। এ আক্রমণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এ ছাড়া ১৫০ জনেরও বেশি স্কুলছাত্রী এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ এক হাজার ৪০০ জনেরও বেশি মানুষ মারা যান।

ইরানও পাল্টা হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। দেশটি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা এবং সামরিক কর্মীদের লক্ষ্য করে আক্রমণ করেছে। এ ছাড়া ইসরায়েলি শহরগুলোতেও ব্যাপক হামলা চালিয়েছে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।