logo

কেনিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ২২

এপি
এপি
কেনিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ২২
কেনিয়ার নাইরোবি-মোম্বাসা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও লরির মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ধ্বংসাবশেষ। ছবি: এপি

কেনিয়ার প্রধান মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

দুর্ঘটনাটি ঘটেছে রাজধানী নাইরোবি থেকে উপকূলীয় শহর মোম্বাসাগামী মহাসড়কে। মাত্র তিন সপ্তাহ আগে একই মহাসড়কে আরেকটি সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, রোববারের দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার সময় বাসের যাত্রীরা একটি জানাজা থেকে ফিরছিলেন বলে জানা গেছে।

মাকুয়েনি কাউন্টির কমিশনার আবদুল্লাহি খালিফ জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কেনিয়ায় অতিরিক্ত গতিতে গাড়ি চালানো এবং সড়কের বেহাল অবস্থাকে অতীতে বিভিন্ন দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্ট অ্যান্ড সেফটি অথরিটি জানিয়েছে, সর্বশেষ দুর্ঘটনাস্থলটি আগে থেকেই ‘দুর্ঘটনাপ্রবণ এলাকা’ হিসেবে চিহ্নিত ছিল। ওই সড়কাংশে নিরাপত্তা বাড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশও করা হয়েছিল।

একই মহাসড়কে অল্প সময়ের ব্যবধানে দুটি বড় দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানির ঘটনা কেনিয়ার সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।